এগুলো আমার দুই চোখের বিষ
>ভোজনবিলাসীরা সব সময়ই পছন্দের খাবারগুলো খেতে চান। সেসব না পেলে কখনো কখনো হতাশ হন তাঁরা। কেননা সব জায়গায় পছন্দের খাবারগুলো না-ও মিলতে পারে। আবার কখনো নানা পরিস্থিতিতে পরে খেতে হয় অপ্রিয় সব খাবার। ভোজনবিলাসী কয়েকজন অভিনয়শিল্পী জানালেন প্রিয়-অপ্রিয় খাবার নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা।

সহিদ উন-নবী
মাছ একদম ভালো লাগে না
খাওয়া তো দূরের কথা, মাছ আমি দুই চোখে দেখতে পারি না। কেউ সবজি খেতে দিলে ঘুরে দিই দৌড়। কোথাও বেড়াতে গেলে কেউ যদি অপছন্দের কোনো খাবার খেতে দেয়, মুখে দিই কিন্তু খাই না। একটু আসছি, বলে চলে যাই তেহারির দোকানে। অনেকে আবার দেখি গ্রিন টি পান করেন। এই জিনিস লোকে কীভাবে খায় কে জানে! এ ছাড়া কেক, বিস্কুট—এগুলোকে আমার কোনো খাবারই মনে হয় না। যথেষ্ট তেল, চর্বি ও মাংস না থাকলে সেটা আদর্শ খাবার হয় কী করে!
শুটিংয়ের বিরতিতে আমরা সবাই মিলে মজার মজার সব খাবার খাই। যে কদিন শুটিং চলে, সেই কদিন চলে পিৎজা, চিকেন ফ্রাই, আর কাবাব উৎসব। আমার ধারণা, শিল্পীরা আমাদের সেটে কাজ করতে আনন্দ পান। আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে গরুর নলি ও নিহারি। এবারও একটা গরু ও একটা খাসি কোরবানি দেওয়ার ইচ্ছে আছে।

সুমন পাটোয়ারি
কাচ্চির রস খেতে হয়েছিল
হুমায়ূন আহমেদের একটি চরিত্র ছিল, যে কাচ্চির রস খেতে পছন্দ করে। ওই চরিত্রে অভিনয় করার জন্য কাচ্চি বিরিয়ানির নিচে জমে থাকা তেল খেতে হবে। এই জিনিস খাওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু পরিচালক আমাকে সেটা খাইয়ে ছাড়বেন। খাওয়ার চেষ্টা করতে গিয়ে দেখলাম, সম্ভব না। পরে ডাল দিয়ে বানানো হলো জিনিসটা।
পৃথিবীতে যা কিছু খাওয়ার যোগ্য, স্বাদ নেওয়ার জন্য তার সবই আমি খাই। দুনিয়ার সব খাবারই আমার জন্য আরামদায়ক। একটা সময় পুরান ঢাকায় গিয়ে ঘুরে ঘুরে সব খাবারের স্বাদ নিতাম। এখনো মাঝরাতে ইলিশ খাওয়ার জন্য মাওয়া ঘাটে চলে যাই। দুনিয়ার সব মাছ আমার পছন্দের। মায়ের রান্না করা বিফ চিলিটা এখনো অনেক প্রিয়।
এখন বয়স ও স্বাস্থ্যের কারণে কিছু খাবার এড়িয়ে চলি। এর মধ্যে কিছু খাবার একদম খাওয়া হয় না। কিছু খাবার আছে একটু চেখে না দেখলে চলে না। এড়িয়ে চলি অতিরিক্ত চিনি, মেয়নিজ, দেশি লবণ ও লাল মাংস, বিশেষ করে গরুর মাংস।

আনন্দ খালেদ
ভর্তা, পেঁপে, কচু দুই চোখের বিষ
শুটিংয়ে পাঁচ মিশালি খাবার দেওয়া হয়। সেগুলোর সব আমি খাই না। শুধু গরু ও মুরগির মাংস খাই। একবার শুট করতে গিয়ে দুপুরের খাওয়ার সময় পার হয়ে গিয়েছিল। দেখি খাবার বলতে আছে শুধু সবজি আর ডাল। মন খারাপ হয়ে গেল। যেদিন ভর্তা, পেঁপে, কচু এসব থাকে, সেদিন আমার অবস্থা খারাপ হয়ে যায়। এগুলো আমার দুই চোখের বিষ। তবে নির্মাতারা শিল্পীদের পছন্দের খাবারগুলোই খাওয়াতে চেষ্টা করেন। আমি সব ধরনের চাইনিজ, থাই, ফাস্ট ফুড পছন্দ করি। মম, ফুচকা, গ্রিল চিকেন, ফ্রাইড চিকেন খেতেও পছন্দ করি।
সিলেটে আমার এক চাচা থাকেন। তিনি সব সময় স্বাস্থ্যকর খাবার খান। খুব গুরুত্বসহকারে নিজে সবজি ও ভেষজ খাবার খান ও অন্যদের একরকম জোর করে খাওয়ান। আমাকে একবার করলা দিয়ে ভাত খাইয়েছিলেন। আমি কোনো রকম খাওয়া শেষ করে দৌড়ে কেএফসিতে চলে গিয়েছিলাম। করলার ঢেকুর সহ্য করতে পারছিলাম না।