এটা আমার জীবনের চরম আফসোস: ববিতা

সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিটি করতে কলকাতায় গিয়েছিলাম। আর তখনই বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে দেখা করার জন্য নানা চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয়নি। এটা আমার জীবনে চরম একটা আফসোসের বিষয়।
আমার জীবনে সুচিত্রা সেন ওতপ্রোতভাবে জড়িত। আমি তখন অনেক ছোট। থাকতাম পরিবারের সবার সঙ্গে যশোরে। সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে আমার বেড়ে ওঠা। মায়ের কাছ থেকে সংস্কৃতিকে কীভাবে ভালোবাসতে হয়, তা শিখি। ওই সময় যশোরের প্রেক্ষাগৃহগুলোতে কিছু ভারতীয় বাংলা ছবি প্রদর্শিত হতো। সুচন্দা আপু পরিবারের সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার ব্যাপারে নানাভাবে উত্সাহিত করতেন। ছবি দেখে এসে আয়নার সামনে দাঁড়িয়ে সুচন্দা আপু সুচিত্রা সেনের অভিনয়কে অনুকরণ করে সংলাপ বলতেন। লুকিয়ে লুকিয়ে তা দেখতাম। সুচন্দা আপুর মাধ্যমে আমিও সুচিত্রাকে নিজের আদর্শ হিসেবে মনে করতে থাকলাম। বড় আপুর মতো আমারও চলচ্চিত্রে আসার পেছনে সুচিত্রা সেনের পরোক্ষ ভূমিকা ছিল। আমি সবসময়ই তাঁর মুগ্ধ ভক্ত। তাঁর অভিনীত সব ছবিই অসংখ্যবার দেখেছি এবং এখনো সময় পেলেই দেখি। অভিনেত্রী হিসেবে তিনি উপমহাদেশের চলচ্চিত্রের ভুবনকে শুধু সমৃদ্ধই করেননি, বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন আদর্শ হয়ে দেখা দিয়েছেন। তাঁর অভিনীত একেকটি চলচ্চিত্র যেন একেকটি ইতিহাস। নিজস্ব অভিনয়শৈলী আর ব্যক্তিত্ব দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষমতা বোধ হয় একমাত্র এই মহানায়িকা সুচিত্রা সেনের মধ্যেই আছে। তিনি একজন বিস্ময় জাগানিয়া মহান মানুষ, যিনি তাঁর সিনেমার মধ্য দিয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন আদর্শ হয়ে।