‘আনন্দ’ পাঠকদের জন্যই আপনার প্রশ্ন, তারকার উত্তর বিভাগ। এই বিভাগে ভক্ত ও অনুসারীদের প্রশ্নের উত্তর দেবেন তারকারা। আজ এই বিভাগে হাজির হয়েছেন অভিনেতা ও পরিচালক তৌকীর আহমেদ

অভিনেতা নয়, পরিচালক তৌকীর আহমেদের ভক্ত আমি। তাঁর কাছে প্রশ্ন—আপনার পরিচালিত বেশ কয়েকটি চলচ্চিত্র দেখে মনে হয়েছে, পরিচালক তৌকীর আহমেদ মানেই ‘সামথিং স্পেশাল’। জানার খুব ইচ্ছা, বুয়েটে পড়েও চলচ্চিত্রশিল্পে আসার মতো আত্মবিশ্বাস কোথা থেকে পেয়েছিলেন?
জি এম জাহাঙ্গীর আলম, শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়।
উত্তর: আমার ছাত্রাবস্থাতেই আগ্রহ ও প্রস্তুতি শুরু হয়েছিল। তখন নিয়মিত চলচ্চিত্র দেখা তো ছিলই, পাশাপাশি থিয়েটারে কাজ করেছি। তারপর অভিনয় শুরু করি। কিন্তু সব সময় মাথার মধ্যে ছিল যে ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণ করব। সেই ইচ্ছা থেকেই আমি কোরিয়া ও ইংল্যান্ডে নির্মাণের ওপর কিছু প্রশিক্ষণ নিই। ২০০২ সালে নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে একটা ডিপ্লোমা করি। তারপর ২০০৪ সালে প্রথম চলচ্চিত্র জয়যাত্রা নির্মাণ শুরু করি। এটা আসলে দীর্ঘ পরিকল্পনারই বাস্তবায়ন। আর বুয়েটে পড়লেও এসব বিষয়ে চিন্তাভাবনা ও প্রস্তুতি ছিলই।