এটা তামাশা নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামাশা ছবিতে রণবীর কাপুর ও দীিপকা পাড়ুেকান
তামাশা ছবিতে রণবীর কাপুর ও দীিপকা পাড়ুেকান

বিরেন-অদিতির প্রথম দেখা হয় ভারতের ব্যস্ত এক শহরে, মুম্বাই কিংবা দিল্লি হবে। এরপর তাঁরা চলে যান গোয়াতে। সেখান গিয়ে গাঢ় হয় বন্ধুত্ব। আবারও ফিরে আসেন নিজ শহরে। বন্ধুত্ব প্রেমে গড়ায়। একসময় ভালোই জট পাকিয়ে যায় এই গল্পে। বরুণ আর অদিতি চলে যায় পাহাড়ঘেরা কোনো শহরে। এটা ২০০৫ সালে মুক্তি পাওয়া সোচা না থা ছবির গল্প।
যব উই মেট ছবিতেও দেখানো হয় ছবির দুই মূল পাত্র-পাত্রী গল্পের খাতিরে ঘুরে বেড়াচ্ছেন (কখনো পালিয়ে বেড়াচ্ছেন) দিল্লি থেকে পাঞ্জাব, সেখান থেকে মানালি, এরপর সিমলা। লাভ আজকাল, রকস্টার, হাইওয়ে ছবিরও এক অবস্থা। এই ছবিগুলোর মধ্যে রয়েছে অদ্ভুত মিল। সবগুলোই প্রেমের ছবি, আর সব ছবিতেই দেখা গেছে নানা কারণে ছবির চরিত্রগুলো এক জায়গায় থিতু না হয়ে, চষে বেড়িয়েছেন ভারতের নানা রাজ্য, এমনকি ভারতের বাইরের নানা দেশও। কখনো সেটা লন্ডন, কখনো আবার প্রাগ। এবার দেখা যাবে করসিকা শহরের অচেনা গলিঘুপচিতে রণবীর-দীপিকার প্রেমের গল্প। তাহলে পুরোনো গল্প নতুন বোতলে ভরে বাজারে ছাড়ছেন পরিচালক ইমতিয়াজ আলী? ছবির ‘ট্যাগ-লাইন’-এ বিষয়টি অস্পষ্ট। ‘হোয়াই অলওয়েজ দ্য সেম স্টোরি’—প্রশ্নটি তামাশা ছবির নামের সঙ্গে জুড়ে দিয়ে পরিচালক দর্শকদের যেন আরও বেশি ধাঁধায় ফেলে দিয়েছেন।
ইমতিয়াজ আলী পরিচালিত প্রথম ছবি সোচা না থা। সেই থেকে শুরু, এরপর আজব আজব সব প্রেমের গল্পকে পর্দায় তুলে ধরেছেন তিনি। প্রেমের গল্পের প্রতি তাঁর এই অদ্ভুত টান দেখে ইমতিয়াজ আলীর বিশ্বস্ত নায়ক তাঁকে তামাশা করে নাম দিয়েছেন ‘রোমান্সের দাদা’! কিন্তু পরিচালক ইমতিয়াজ আলী এটা মানতে নারাজ। দ্য হিন্দু পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে ইমতিয়াজ আলী বলেন, ‘প্রেমের ছবি দেখতে আমার একদম ভালো লাগে না। আমার পছন্দ পাগলাটে ছবি। আমি পাগলাটে ছবি দেখতে চাই, বানাতেও চাই।’
যব উই মেট কিংবা রকস্টার দেখে নিশ্চয় পাগলাটে প্রেমের ছবির সংজ্ঞা দর্শকেরা বুঝতে পেরেছেন।
তবে এবার তামাশা নাকি আগের সব পাগলামিকে হার মানাবে। বেশ আত্মবিশ্বাস নিয়ে এমনটাই বলেছেন পরিচালক ইমতিয়াজ আলী। বলেছেন, ‘ছবির নাম তামাশা হলেও একে নিয়ে কিন্তু তামাশা করা যাবে না। আমার গত দুই ছবি রকস্টার আর হাইওয়ে দেখে বিচ্ছেদী স্বাদ পেলেও এবার দর্শকেরা পাবেন ভিন্ন স্বাদ। এবার বিচ্ছেদ নয়, তামাশা শেষ হবে চমক দিয়ে।’
অনেক তো হলো পাগলাটে পরিচালক ইমতিয়াজ আলীর কথা। এবার একটু ছবির মূল পাত্র-পাত্রীর দিকে আসা যাক। সাবেক প্রেমিক জুটি রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোনকে পর্দায় তৃতীয়বারের মতো কোনো ছবিতে দেখা যাবে একসঙ্গে। এ নিয়ে এখন বলিউডে আলোচনার কমতি নেই। নিন্দুকেরা বলছেন, পুরোনো প্রেমকে পুঁজি করে প্রতিবারই বাজি মেরে নেন রণবীর-দীপিকা। এর আগে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি দিয়ে যেমন এ জুটি ভেঙেছিলেন বলিউড রেকর্ড, এবারও সে ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে ধারণা করছেন বলিউড বিশেষজ্ঞরা। তা ছাড়া প্রেমের বাঁধন ছিঁড়ে গেলেও রণবীর এখনো দীপিকাকে তাঁর সৌভাগ্যের দেবী মনে করেন। তাই তো ‘হিট’ ছবির খরায় থাকা রণবীর এখন দীপিকাতেই খুঁজছেন আশ্রয়। বেশরম, রয় আর বোম্বে ভেলভেট-এর ব্যর্থতার পর তাই রণবীর নিজের সবটুকু দিয়ে তামাশা করেছেন দীপিকার সঙ্গে। রণবীরের জন্য তামাশা যেন পরীক্ষাই বটে, দীপিকার জন্যও এ ছবি কম গুরুত্বপূর্ণ নয়। পিকুর পর বছরের দ্বিতীয় ছবিটিকেও তিনি বক্স অফিসে সফলরূপে দেখতে চান। যদি পিকুর মতো এই তামাশা আর এর পরের ছবি বাজিরাও মাস্তানি বক্স অফিসে মাত করে দিতে পারে, তাহলে ২০১৩ সালের মতো এ বছর বলিউডের ‘গোল্ডেন গার্ল’-এর তকমাটি জিতে যাবেন দীপিকা। কারণ ২০১৩ সালেও দীপিকার মুক্তি পাওয়া সব কটি ছবিই বক্স অফিসে রেকর্ডভাঙা ব্যবসা করেছিল। তাই তামাশা ছবি নিয়ে আর তামাশা নয়।
আদর রহমান
দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, বলিউড লাইফ ও ফিল্মফেয়ার অবলম্বনে