নজরুলজয়ন্তী উদ্যাপন করছে নজরুলসংগীতশিল্পী পরিষদ। আজ ও কাল দুই দিনের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। এই আয়োজন নিয়ে কথা হলো সংগঠনটির সাধারণ সম্পাদক সুজিত মোস্তফার সঙ্গেনজরুলজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়ে কিছু বলুন।আমরা প্রতিবছরই এই আয়োজন করছি। এবারের শিরোনাম ‘অচেনা সুরে অজানা পথিক’। এই অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আমরা কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাই। পাশাপাশি নজরুলের গানের চর্চার ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করা এবং প্রচার ও প্রসার বাড়ানোর চেষ্টা করি। এ বছর ‘নজরুল পদক’ কে পাচ্ছেন?নজরুলচর্চা ও প্রসারে নিবেদিত নজরুলসংগীতের দুজন বিশিষ্ট শিল্পী ও সংগঠক ফেরদৌসী রহমান ও এম এ মান্নাকে এ বছর ‘নজরুল পদক’ দেওয়া হবে। এ বছর দেশের ২০টি জেলার ২০ জন নিবেদিত নজরুলসংগীতের শিল্পী, সংগঠক, চর্চাকারী, গবেষক ও কর্মীকে ‘গুণী নজরুলকর্মী’র সম্মাননা দেওয়া হবে। এই আয়োজন কে উদ্বোধন করছেন?প্রবীণ নজরুলসংগীতশিল্পী সোহরাব হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করা হবে আজ সকাল ১০টায়। আজ দ্বিতীয় ও কাল তৃতীয় অধিবেশন শুরু হবে সন্ধ্যা সাতটায়। এই দুটি অধিবেশনে থাকবে পরিষদের শিল্পী, বিভিন্ন জেলা থেকে আসা শিল্পী, আমন্ত্রিত আবৃত্তিকার, যন্ত্রসংগীতের শিল্পী ও নৃত্যশিল্পীদের পরিবেশনা। এই আয়োজনের উদ্দেশ্য কী? এটা নজরুলসংগীতের শিল্পীদের একটা সম্মেলন। সবার সঙ্গে দেখা হয়, ঢাকাসহ বিভিন্ন জেলায় নজরুলের গানের কেমন চর্চা হচ্ছে, আরও কী ধরনের উন্নতি করা সম্ভব কিংবা আমরা পরিষদের পক্ষ থেকে তাদের কী ধরনের সহযোগিতা করতে পারি—এসব ব্যাপারে একটা সম্যক ধারণা পাওয়া যায়। দর্শক-শ্রোতারাও একই মঞ্চ থেকে নজরুল সম্পর্কে একটা ধারণা নিতে পারেন।