
ধরন গুণে করন
এটিএন বাংলায় ঈদের দিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ধরন গুণে করন। লিখেছেন ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। অভিনয় করেছেন আবুল হায়াত, মাসুদ আলী খান, দিলারা জামান, অপূর্ব, জেনি, আরফান, আবদুল কাদের, আফজাল শরীফ, শুভাশীষ ভৌমিক, কামাল বায়েজিদ প্রমুখ। একটি পরিবারের গৃহকর্তা জামান সাহেব নীতিমান মানুষ। অত্যন্ত সচেতন ও নীতিমান এই মানুষটির বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ছেলেমেয়েরা অস্বস্তিতে ভোগে। ঘরে-বাইরে সৃষ্টি হতে থাকে নানা জটিলতা, কিন্তু গৃহকর্তা অনড়। সংসারের এই জটিল জট খুলতে এগিয়ে আসে একজন। আর এই জট খুলতে গিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।
ডেথ অব এ বার্থডে
এটিএন বাংলায় ঈদের পরদিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ডেথ অব এ বার্থডে। লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন সৈয়দ আওলাদ। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তারিন, আবুল হায়াত প্রমুখ।
নাট্য পরিচালক কাজী কোয়েল ঘোষণা দেন, তিনি আর নাটক পরিচালনা করবেন না। তিনি নতুন প্রতিষ্ঠান গড়েছেন। এই প্রতিষ্ঠান থেকে সেলিব্রিটিদের বার্থডে উদ্যাপন করা হয়। শুরুতেই টিভি তারকা শায়লার জন্মদিন উদ্যাপন করতে গিয়ে ঘটে নানা ঘটনা। পুরো অনুষ্ঠান স্পনসর করতে এগিয়ে আসে বড় প্রতিষ্ঠান। কাজী কোয়েলের কাজ নিয়ে প্রশ্ন জাগে শায়লার মনে। তারা দুজন এবার মুখোমুখি। এরপর বেরিয়ে আসে আরেকটি গল্প।
জয়তুনের চিঠি

এটিএন বাংলায় ঈদের পরদিন বেলা তিনটা পাঁচ মিনিটে প্রচারিত হবে টেলিছবি জয়তুনের চিঠি। লিখেছেন কাজী শাহীদুল ইসলাম, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, প্রভা, মৌটুসী, মৌরী, সরোয়ার প্রমুখ। কবিরাজের মেয়ে জয়তুনের সঙ্গে সেলিমের বিয়ে হয়। জয়তুনের ভাই সাজুর এই বিয়ের ব্যাপারে মত নেই। সাজু চেয়েছিল, তার বন্ধু বেলালের সঙ্গে জয়তুনের বিয়ে হবে। তা না হলে সাজুর প্রেমিকা রোকেয়াকে বিয়ে করবে বেলাল। সাজু শহর থেকে গ্রামে ছুটে আসে। বেলালকে আশ্বস্ত করে—যেভাবেই হোক জয়তুনকে সে সেলিমের কাছ থেকে ছাড়িয়ে এনে তার সঙ্গেই বিয়ে দেবে। জয়তুনের জীবন নিয়ে খেলায় মেতে ওঠে সাজু।
ম্যাজিস্ট্রেট
এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ম্যাজিস্ট্রেট। লিখেছেন মমিনুল ইসলাম, পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, রোমানা, তারিক স্বপন, তোফা হাসান প্রমুখ। ফরিদ সাহেব একজন সৎ কর্মকর্তা। তাই সব সময় তাঁর পোস্টিং হয় ঢাকা থেকে অনেক দূরে তৃতীয় শ্রেণীর কোনো উপজেলায়। সব সময় তাঁকে সামাজিক, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক চাপে থাকতে হয়। কিন্তু গ্রামের সাধারণ পরিবার থেকে পরিশ্রম করে উঠে আসা ফরিদ মাথা নত করেন না। এসব নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর দ্বন্দ্ব চরমে ওঠে। স্ত্রীও চলে যান বাবা-মায়ের কাছে। সৎ হওয়ার এই পুরস্কার?
অফিস আওয়ার
এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক অফিস আওয়ার। লিখেছেন ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, রাখি, আফজাল শরীফ প্রমুখ।
একটি প্রতিষ্ঠানে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয়, রাত ১২টা থেকে সকাল ছয়টা পর্যন্ত অফিসের কাজ চলবে। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উত্তেজনা। পরিচালক তাঁর সিদ্ধান্তে অটল, যানজটের অজুহাত তো আর রাতে চলবে না। তাই রাতেই অফিস করতে হবে। এদিকে অফিস শুরু হতেই এক এক করে অসংখ্য সমস্যা তৈরি হয়।
কোয়াক
এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন বেলা তিনটা পাঁচ মিনিটে প্রচারিত হবে টেলিছবি কোয়াক। লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশি, হোমায়রা হিমু, নাজনিন চুমকি, বৃন্দাবন দাস, সাব্বির আহমেদ, মাসুদ রানা প্রমুখ।
গুনাইগাছা গ্রামের একটি বাড়ির ওপর ডাক্তারখানা আর সামনে টং দোকান। ডাক্তারখানাকে গেদু ডাক্তারের চেম্বার নামে সবাই চেনে। সাইনবোর্ডে ডাক্তারের নাম লেখা নেই, কোনো ডিগ্রিও লেখা নেই। তবে অদ্ভুত একটি বাক্য লেখা রয়েছে, ‘শিশু, পশু এবং ইস্তিরি রোগ বিশেষজ্ঞ’। ডাক্তার গেদু প্রতিদিন অসংখ্য রোগীর চিকিৎসা দিয়ে যাচ্ছে টেলিফোনের মাধ্যমে। গেদুর এক মামা ও মামি ঢাকার বিশেষজ্ঞ ডাক্তার আর ছোট মামা উপজেলা পশুচিকিৎসক। এই তিনজনের বিদ্যা কাজে লাগিয়ে অভিনব পন্থায় দিব্যি রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে কোয়াক ডাক্তার গেদু।