এ টি এম শামসুজ্জামানকে দেখতে গেলেন ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানকে দেখতে গিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে তিনি সেখানে যান।
গত ২৬ এপ্রিল নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন এ টি এম শামসুজ্জামান। এরপর তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি বিএসএমএমইউর একটি কেবিনে চিকিৎসা–পরবর্তী সেবা নিচ্ছেন।
এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি একজন দেশবরেণ্য অভিনেতা। প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসার সব দায়দায়িত্ব নিয়েছেন। তাঁর খোঁজখবর নিতে বলেছেন প্রধানমন্ত্রী। হাসপাতালের চিকিৎসক বলেছেন, আগের চেয়ে এ টি এম শামসুজ্জামান সাহেবের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর অবস্থা এখন উন্নতির দিকে।
এ টি এম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামান বলেন, ‘এখন তিনি (এ টি এম শামসুজ্জামান) যথেষ্ট ভালো আছেন। কথা বলছেন, স্বাভাবিক খাবার খাচ্ছেন। কেবল নার্সিং সেবার জন্য তাঁকে আমরা এখানে এনেছি।’ তিনি জানান, এই অবস্থা থাকলে আর কিছুদিন পর তাঁকে বাসায় নিয়ে যাওয়া হবে। এর আগে বাসার কিছু অবকাঠামোগত পরিবর্তন করতে হবে। বাসার পরিবেশ ঠিক করতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক আবু নাসার রিজভী, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আলী আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।