এড শিরানের যোগ গুণ ভাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এড শিরান
এড শিরান

সরল অঙ্ক তো কমবেশি সবাই করেছেন? যোগ-বিয়োগ-গুণ-ভাগ—এসবের জটিল মারপ্যাঁচ কি আর সহজে ভোলা যায়? তবে ব্রিটিশ গায়ক এড শিরান বোধ হয় সরল অঙ্কের জটিল এই মারপ্যাঁচ খুব ভালোবাসেন। নইলে নিজের পর পর তিন অ্যালবামের নাম কী আর প্লাস, মাল্টিপ্লাই, ডিভাইড কেউ রাখেন?
২০১১ সালে প্লাস, ২০১৪-তে মাল্টিপ্লাই, তারপর এই বছর এসে বের করলেন ডিভাইড! মার্চের ৩ তারিখ রিলিজ হওয়ার পর এর মধ্যেই অ্যালবামটি সাড়া ফেলেছে। অবশ্য ফেলারই কথা, টানা তিন বছরের অপেক্ষায় ভক্ত-শ্রোতাদের পায়ে তো শিকড় গজিয়ে যাচ্ছিল! প্রথম সপ্তাহে অ্যালবামটির বিক্রি হয়েছে ৪ লাখ ৫১ হাজার কপি, ২০১৭ সালে প্রথম সপ্তাহে কোনো অ্যালবামের সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড। এই অ্যালবামেরই গান ‘শেপ অব ইউ’ জানুয়ারি মাসের প্রথম দিকে রিলিজ পেয়েছিল। এর মধ্যেই গানটির লিরিক ভিডিও ইউটিউবে দেখা হয়েছে ৪২ কোটির বেশি বার।
শিরানের জন্ম ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারে। তাঁর বড় ভাইও সংগীত জগতেরই মানুষ। এড শিরান পড়াশোনা করেছেন অ্যাকাডেমি অব কনটেমপোরারি মিউজিকে। আর গানের দুনিয়ায় মোটামুটি আটঘাট বেঁধে নেমেছেন ২০১১ সালে। সে সময়ই তিনি এলটন জন ও জেমি ফক্সের চোখে পড়েন। তারপরই বের করেন প্রথম অ্যালবাম প্লাস। সেই অ্যালবামেরই গান ‘দ্য এ টিম’ দিয়ে তিনি নজর কাড়েন। আর ২০১৪ সালে দ্বিতীয় অ্যালবাম মাল্টিপ্লাই দিয়ে তিনি জিতে নেন দুটি গ্র্যামি পুরস্কার।
এ তো গেল গানের কথা, এড শিরানকে এই বছর দেখা যাবে টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এও। জনপ্রিয় এই সিরিজের সপ্তম কিস্তিতে অতিথি শিল্পী হিসেবে থাকবেন ২৬ বছর বয়স্ক এই গায়ক। শুধু কী ‘গেম অব থ্রোনস’? গান শোনার ডিজিটাল মাধ্যম স্পটিফাইয়ের পরিসংখ্যান বলছে, এই গায়কের গান ‘থিংকিং আউট লাউড’ বিয়ের আসরে বর-কনের প্রথম নাচের গান হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়!
আবার ফিরি অ্যালবামের কথায়। সমালোচক, ভক্ত—সবাই অ্যালবামের প্রশংসায় পঞ্চমুখ! তবে এত কিছু থাকতে অ্যালবামের নাম কেন ‘ডিভাইড’? সেই উত্তর নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তবে সে কথা থাক, গ্র্যামিজয়ী এড শিরান যে এই অ্যালবামটির জন্য আগামী বারের গ্র্যামিতে নিজের আসনটা বেশ পাকা করে নিলেন সেটা বোঝাই যাচ্ছে!
নাজিয়া শারমিন
বিলবোর্ড, রোলিং স্টোন অবলম্বনে