এড শিরানের সরল অঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এড শিরান
এড শিরান

এই তো সেদিন, ‘আইভর নোভেলো অ্যাওয়ার্ড ২০১৫’-এর সেরা গীতিকারের পুরস্কার উঠল ২৪ বছরের তরুণটির হাতে। আজ তাঁর লেখায় জন্ম নেয় দারুণ সব গান। কিন্তু ছোটবেলায় খাতায় আঁকিবুঁকি করে যখন সে একটু একটু করে লেখা শিখছিল, কেমন ছিল সেই দিনগুলো? বিলবোর্ড টপচার্টে যাঁর গান থাকে সেরার তালিকায়, কীভাবে হয়েছিল তাঁর পিয়ানোর হাতেখড়ি? বিশ্বের সবচেয়ে বড় বড় মঞ্চে লাখো দর্শকের সামনে যে তারকা শিল্পী গান গান, তাঁর কৈশোরে রাস্তার পাশে দাঁড়িয়ে গিটার হাতে গান করার মুহূর্তগুলো কেমন ছিল?
যদি এড শিরানের ভক্ত হয়ে থাকেন, ওপরের প্রশ্নের উত্তরগুলো আপনি পেতেই পারেন। ব্রিট অ্যাওয়ার্ডজয়ী গায়কের ছোটবেলার সব ছবি আর ভিডিও একসঙ্গে জড়ো করে তৈরি হয়েছে তাঁর নতুন মিউজিক ভিডিও ‘ফটোগ্রাফ’। গানটি নেওয়া হয়েছে তাঁর দ্বিতীয় অ্যালবাম মাল্টিপ্লাই থেকে। হাঁটি হাঁটি পা পা থেকে শুরু আজকের মঞ্চে দৃপ্ত পদচারণ, পুরো যাত্রার খণ্ড খণ্ড চিত্র আছে ব্যতিক্রম এই মিউজিক ভিডিওতে। ছোটবেলার ‘কিউট’ এড শিরানকে দেখে ভক্তরাও আপ্লুত। ভক্তদের চমকে দিতে তো বটেই, মিউজিক ভিডিওটি তৈরির আরও একটা কারণ ছিল। গানটি মুক্তি পেয়েছে ৯ মে। মা দিবসের আগের দিন মুক্তি পাওয়া মিউজিক ভিডিওটি ‘থিংকিং আউট লাউড’ গানের গায়ক উৎসর্গ করেছেন তাঁর মাকে। গানটি দেখলেই বোঝা যায়, মায়ের জন্য এর চেয়ে চমৎকার উপহার আর কী-ই বা হতে পারে!
‘থিংকিং আউট লাউড’ নিয়ে মাতামাতি ফুরায়নি এখনো। মুক্তির পরপরই গানটি সেই যে বিলবোর্ড টপচার্টে আসন করে নিয়েছে, নড়চড়ের নামগন্ধ নেই। এর মধ্যেই নতুন করে আলোচনায় এল ‘ফটোগ্রাফ’। এক মাসেরও কম সময়ের মধ্যে গানটি ইউটিউবে দেখা হয়েছে ৭৮ লাখেরও বেশি।
প্রথম অ্যালবামের নাম ছিল প্লাস (যোগ), দ্বিতীয়টির নাম মাল্টিপ্লাই (গুণ)। সামনে কি সাবট্রাক্ট (বিয়োগ) কিংবা ডিভাইড (ভাগ) আসছে? শিরান বলেন, ‘হতেও পারে। নাম এখনো ঠিক হয়নি।’
কিন্তু এড শিরান বলেছিলেন, খ্যাতি কিংবা ভক্ত সংখ্যার ক্রম বৃদ্ধি বোঝাতেই তাঁর প্রথম অ্যালবামের নাম ছিল প্লাস, আর দ্বিতীয়টা মাল্টিপ্লাই। ‘বিয়োগ’ কিংবা ‘ভাগ’ যদি অ্যালবামের নাম হয়, তাতে জনপ্রিয়তার ‘হ্রাস’ বোঝাবে না তো? যুক্তরাষ্ট্রের এই প্রতিভাবান গীতিকার ব্যাপারটা সেভাবে দেখছেন না। মজা করেই তিনি বলেন, ‘তা নয়। অ্যালবামের সাফল্যে আমি প্রযোজকের পকেট থেকে যে মোটা অঙ্কের টাকা খসাব, সেটাও বোঝানো হতে পারে!’ তা কবে আসছে নতুন অ্যালবাম? দ্বিতীয় অ্যালবাম বের করার আগে তিনি ১২০টি গান লিখেছিলেন, সেখান থেকেই বাছাই করা গান নিয়ে তৈরি হয় মাল্টিপ্লাই। এবার মাত্র ৫০-৬০টি গান লেখা হয়েছে। অপেক্ষা তো করতেই হবে!