এডিনবরা থিয়েটার উৎসবে মামুনুর রশীদের একক অভিনয়
প্রথমবারের মতো মঞ্চে একক অভিনয় করছেন মামুনুর রশীদ। নাটকের নাম দ্য ডিসটেন্ট নিয়ার। মামুনুর রশীদ জানান, রবীন্দ্রনাথ ঠাকুর এবং শেক্সপিয়ারকে নিয়ে গল্প। নাটকটি লিখেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিচ্ছেন ফয়েজ জহির। সংগীত পরিকল্পনায় আছেন অমিত মল্লিক।স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী এডিনবরা ফ্রিন্জ থিয়েটার উৎসবে ২২ থেকে ২৮ আগস্ট প্রতিদিনই মঞ্চস্থ হবে নাটকটি। এর আগে ১৪ আগস্ট ঢাকায় ব্রিটিশ কাউন্সিলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।মামুনুর রশীদ বললেন, ‘ঊনবিংশ শতাব্দীর বাংলা নাট্যকার ও লেখকেরা শেক্সপিয়ারের দ্বারা দারুণ প্রভাবিত হয়েছিলেন। শেক্সপিয়ারের সাহিত্যের বিভিন্ন চরিত্রের নাম এখনো খুব পরিচিত। আর রবীন্দ্রনাথের কথা তো বলে শেষ করা যাবে না।’ শহীদুল মামুন বলেন, ‘শেক্সপিয়ার ও রবীন্দ্রনাথ—এ দুই বিশ্বকবির পরস্পরের মধ্যে সম্পর্ক আবিষ্কারের এক সৃজনশীল প্রচেষ্টা চালানো হয়েছে এই নাটকে। নাটকটির ভাষা সম্পূর্ণ ইংরেজি।’ফয়েজ জহির বলেন, ‘এই নাটকটির আঙ্গিক এবং ভাষারূপ সম্পূর্ণ ভিন্ন। আশা করছি, নাটকটি বাংলাদেশের নাট্যশিল্পের মর্যাদাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানের আসনে নিয়ে যাবে।’মামুনুর রশীদ আরও বলেন, ‘অনেক দিন ধরেই এডিনবরা উৎসবে নাটক নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ব্যয়সাপেক্ষ হওয়ার কারণে তা সম্ভব হয়নি। কারণ, আরণ্যকের নাটকগুলোতে শিল্পীসংখ্যা বেশি। কিন্তু দ্য ডিসটেন্ট নিয়ার নাটকের সদস্যসংখ্যা মাত্র তিনজন বলে সুযোগটি পাওয়া গেল।’