এনএসডিতে ‘চণ্ডালিকা’, নদীয়া-বহরমপুরে ‘গোলাপজান’ নাটকের চার প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শুরুতেই দুটি দল দেশের বাইরে নাটক নিয়ে সফর করতে যাচ্ছে। ৮ জানুয়ারি দ্যাশবাঙলা থিয়েটার দিল্লিতে যাবে, আর থিয়েটার আর্ট ইউনিট নদীয়া ও বহরমপুরের উদ্দেশে রওনা হবে।রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে দ্যাশবাঙলা থিয়েটারের নির্মিত চণ্ডালিকা নাটকটি ১১ জানুয়ারি ন্যাশনাল স্কুল অব ড্রামায় (এনএসডি) আন্তর্জাতিক নাট্যোৎসবে মঞ্চস্থ হবে।দলের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম রাজা বলেন, ‘গত বছরের ১৪ জুন নাটকটির উদ্বোধন হয়। এর পর থেকে ঢাকা ও পশ্চিমবঙ্গ মিলে এ পর্যন্ত পাঁচটি প্রদর্শনী হয়েছে। এবার আমরা দিল্লির এনএসডির আন্তর্জাতিক নাট্যোৎসবে যোগ দেব। এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের।’তরুণ নির্দেশক বিভাস বিষ্ণু চৌধুরীর প্রয়োগ পরিকল্পনায় প্রকৃতি ও মানবপ্রেম নিয়েই নাটকটির গল্প।নাটকটি মঞ্চে প্রয়োগ করেছেন যৌথভাবে পলাশ লোহ ও রশিদুল ইসলাম রাজা।এদিকে গোলাপজান নাটকের প্রদর্শনী হবে চারটি। থিয়েটার আর্ট ইউনিটের এ নাটকের পরপর চারটি প্রদর্শনী হবে ভারতের দুটি জেলায়। ৯ জানুয়ারি নদীয়া জেলার করিমপুর শরৎ স্মৃতি নাট্য সংস্থার আয়োজনে দশম নাট্যোৎসবে প্রথম প্রদর্শনী হবে। ১০ জানুয়ারি একই জেলার কৃষ্ণনগরের পরম্পরার ১৬তম নাট্যোৎসবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী, বহরমপুরের রঘুনাথগঞ্জে ন্যাটাম বলাকার বর্ষবরণ নাট্যোৎসবে ১১ জানুয়ারি তৃতীয় প্রদর্শনী, বহরমপুরের ঋত্বিক নাট্যগোষ্ঠীর আমন্ত্রণে ১২ জানুয়ারি রবীন্দ্র ভবনে হবে নাটকটির চতুর্থ প্রদর্শনী।প্রথমবারের মতো দেশের বাইরে থিয়েটার আর্ট ইউনিট একটি নাটকের একাধিক প্রদর্শনী করছে। দলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারী বলেন, ‘এবারই চারটি প্রদর্শনী করতে যাচ্ছি। এটি খুবই আনন্দের। বিপুলসংখ্যক দর্শক আমাদের নাটক উপভোগ করেছেন। সেসব দর্শকের আগ্রহের কারণে আমরা আবারও সেখানে যেতে পারছি। এটা আমাদের দলের জন্য বাড়তি পাওনা।’আবু তাহেরের গল্প অবলম্বনে নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান।