এনএসডির উৎসবে নাট্যকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার ১৩তম ভারত রঙ্গ মহোৎসবে প্রথমবারের মতো যোগ দিচ্ছে বাংলাদেশের প্রথম সারির নাটকের দল নাট্যকেন্দ্র। সেখানে দলটি মাসুম রেজার লেখা আরজ চরিতামৃত নাটকটির প্রদর্শন করবে। নাটকটির নির্দেশক তারিক আনাম খানের নেতৃত্বে ১৪ জানুয়ারি ২০ সদস্যের একটি দল দিল্লি যাচ্ছে। ১৭ জানুয়ারি দিল্লির শ্রীরাম সেন্টারে আরজ চরিতামৃত নাটকটির প্রদর্শনী হবে। উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে তারিক আনাম বলেন, ‘প্রথমবারের মতো আমরা এনএসডির এই উৎসবে যাচ্ছি। উৎসবে ভারতের ৬০টি দলের সঙ্গে বাংলাদেশ, যুক্তরাজ্য, জাপানসহ পাঁচটি বাইরের নাটকের দল অংশ নেবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের নাটকের স্থায়িত্বকাল আড়াই ঘণ্টা। এর আগে আমরা মিসরের কায়রোয় নিরীক্ষাধর্মী নাটকের উৎসবে নাটকটির স্থায়িত্বকাল এক ঘণ্টা ৪৭ মিনিট করে প্রদর্শন করেছি। দিল্লির উৎসবেও এ নাটকটির প্রদর্শন করা হবে।’ আরজ চরিতামৃত নাটকটিতে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, আবিদ রেহান, ইউসুফ হাসান অর্ক, নিয়াজ মোহাম্মদ তারিক, ইকবাল বাবু, লুসি তৃপ্তি গমেজ, সঙ্গীতা চৌধুরী, হিমেল, কনক প্রমুখ।এনএসডির এই রঙ্গ মহোৎসব ৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।