এনজি হয়ে গেল ‘ওকে’ শট!
এনজি শট মানে ‘নট গুড শট’। তারকারা হরহামেশাই এনজি শটের মুখে পড়েন। কখনো সেই অভিজ্ঞতা বিরক্তিকর, কখনো মজার, কখনো বা মধুর—নতুন এই বিভাগে শুনুন ক্যামেরার সামনে দাঁড়িয়ে তারকাদের নানা রঙের স্মৃতি... ‘ভাগ্যের লিখন না যায় খণ্ডন’—এই প্রবাদের মতো আমার ভাগ্যেও প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর স্মৃতি সুখকর নয়—ভাগ্যেই কি লেখা ছিল এসব? জানি না। তবে এটুকু বলতে পারি, ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেই আমার ললাটে লেখা হয়েছিল অপমান। এটা কি আসলেই আমার কপালের লিখন? না, সে তর্ক এখানে নয়। ঘটনাটি ছোট্ট করে বলি। প্রথমবার একটি নাটকে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের জন্য ডাক পেয়েছি। ক্যামেরার সামনে অভিনয় করব—ভেতরে খানিকটা উত্তেজনা কাজ করছে বৈকি!প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিয়মমাফিক মেকআপ রুমে গেলাম মেকআপ নেওয়ার জন্য। কিন্তু আমাকে দেখেই তাচ্ছিল্যের ভঙ্গিতে মেকআপম্যান বললেন, ‘আমি তো আপনাকে মেকআপ দেব না। আমি স্টার ছাড়া কারও মেকআপ দিই না!’ তখন আমি ‘স্টার’ বা তারকা গোছের কেউ নই, মঞ্চে অভিনয় করি। বিস্ময়ে হতবাক হয়ে গেলাম তাঁর কথা শুনে। কথাটি একটু আঁতেও লাগল। এবার নিজের মান রক্ষা করতে হবে, তাই তাঁকে বললাম, ‘আমি তো আপনার কাছ থেকে মেকআপ নেব না, আর এই নাটকে আমার যে চরিত্র, তার জন্য মেকআপের অতটা প্রয়োজনও নেই।’কিন্তু এখানে আমি ‘এনজি শট’ বা নট গুড শট নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা—ধান ভানতে শিবের গীত গাইছি কেন? কারণ, এই কথার লেজে লেজেই আসবে সেই এনজি শটের কাহিনি।ওই নাটকে ছোট একটি চরিত্রে অভিনয়ের জন্য প্রথমবার দাঁড়িয়েছি ক্যামেরার সামনে। নাটকের নায়ক তৌকীর আহমেদ। তো, পরিচালক সেদিন সেটে নেই। সহকারী পরিচালক দেখভাল করছেন সবকিছু। ক্যামেরার সামনে আমি স্বাভাবিক ভঙ্গিতে অভিনয় করলাম। সহকারী পরিচালক বললেন, ‘হয়নি—এটা এনজি শট।’ এরপর তিনি আমাকে বললেন একটু অতি অভিনয় করতে। তবে আমি তো অতি অভিনয় করব না। তা ছাড়া আমার মনে হচ্ছিল, নাটকে আমার যে চরিত্র, সেখানে অতি অভিনয়ের দরকারও নেই। ফলে একবার, দুবার, তিনবার—ক্যামেরার সামনে প্রতিবার আমি স্বাভাবিক অভিনয় করছি, আর ওই সহকারী পরিচালক বলছেন, ‘হচ্ছে না, হয়নি—এনজি শট।’একসময় দেখি চিৎকার-চেঁচামেচি করছেন কেউ কেউ। সহকারী পরিচালকও আমার ওপর বিরক্ত। প্রডাকশনের অনেকে বলাবলি করছেন, ‘এ কাকে ধরে আনা হয়েছে, অভিনয় পারে না! বারবার শট এনজি হচ্ছে।’ ওদিকে আমিও তখন গোঁ ধরেছি, শট এনজি হয় হোক—দরকার হলে নাটক থেকে বাদ যাব; কিন্তু অপ্রয়োজনীয়ভাবে অতি অভিনয় করব না।তখনই সেটে এলেন তৌকীর ভাই। তিনি এবং আমি একই নাট্যদল—নাট্যকেন্দ্রে কাজ করি। তাই আমার অভিনয় সম্পর্কে তাঁর ধারণা ছিল। চারদিকে যখন চেঁচামেচি, তখন তিনি বললেন, ‘দেখি, আমি দেখি শটগুলো।’ তৌকীর ভাই ক্যামেরার মনিটরে আমার শটগুলো দেখলেন। তারপর বললেন, ‘ঠিকই তো আছে, চরিত্র অনুযায়ী ও তো ঠিকভাবেই শট দিয়েছে। এখানে অতি অভিনয়ের দরকার কী!’তাঁর এই কথার পর সবকিছু ঠান্ডা—যে শটগুলো একটু আগেও ছিল এনজি শট, সেগুলোই হয়ে গেল ‘ওকে শট’! মজার ব্যাপার হলো, ওই এনজি শটের মধ্য থেকেই একটি শট পরে ‘ওকে’ হিসেবে নাটকে ব্যবহার করা হয়েছিল। তাই তো লেখার প্রথমেই বলছিলাম, ‘ভাগ্যের লিখন না যায় খণ্ডন’... হা হা হা। অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ