>‘এনজি শট’ মানে ‘নট গুড শট’। অভিনয়শিল্পীরা শুটিংয়ের সময় প্রায়ই এ ঘটনার মুখোমুখি হন। সেই অভিজ্ঞতা কখনো বিরক্তির, কখনো মজার আবার কখনো-বা মধুর। এই বিভাগে আজ জেনে নিন ঊর্মিলা শ্রাবন্তী করের দুটি এনজি শটের মজার স্মৃতি।

বেটার হাফ নাটকের সেটের ঘটনা। যে দৃশ্যের কথা বলব সেখানে আমার সহশিল্পী আ খ ম হাসান ও সাজু খাদেম। নাটকে একই ফ্ল্যাটে আমাদের বাসার ওপর তলায় ভাড়া থাকেন ওই দুজন। প্রতিদিনই রান্নার কোনো না কোনো জিনিসপত্র চাইতে আমাদের বাসায় আসেন তাঁরা। সাজু সিলেটি ভাষায় আর হাসান পাবনার ভাষায় এমনভাবে সংলাপ বলেন, হাসি চলে আসে। এবারের দৃশ্যটি এমন—দুজন মিলে মরিচ চাইতে এসেছেন আমাদের বাসায়। ক্যামেরা চলছে। দুজন এমনভাবে কমেডি করে সংলাপ বলা শুরু করলেন। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। হাসতে হাসতে আমার চোখে পানি চলে এল। যা হওয়ার তা-ই, শট এনজি হয়ে গেল। দ্বিতীয়বারও একই অবস্থা। কোনোভাবে দৃশ্যটি নেওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে পরিচালক এজাজ মুন্না দুজনের সংলাপ পরিবর্তন করে দিলেন। তারপর দৃশ্যটি ঠিকঠাক মতো নেওয়া হলো।
আরেকটি ঘটনা ঘটেছে মাস খানেক আগে। উত্তরার লোকেশনে সানফ্লায়ার নাটকের শুটিং হচ্ছিল। আমার সহশিল্পী তানিয়া হোসাইন। রাত ১১টায় আমার রেডিওতে লাইভ। তখন রাত সাড়ে ১০টা। শটটি শেষ করেই দৌড়াতে হবে লাইভে। আমাকে পাশে রেখে তানিয়া আমার বয়ফ্রেন্ড অপূর্বকে ফোন দিয়ে কথা বলবে—এমন ছোট্ট একটি দৃশ্য।
ক্যামেরা চলছে। প্রথম টেকেই ওকে হয়ে যায় দৃশ্যটি। লাইভে যোগ দেওয়ার জন্য তাড়াহুড়ো করে সেট থেকে বের হয়ে যাচ্ছি। হঠাৎ পেছন থেকে পরিচালক নজরুল ইসলাম থামিয়ে বললেন, ‘ক্যামেরা অফ ছিল। আবার শটটি নিতে হবে। শুনেই টেনশনে পড়ে গেলাম। মনে হলো লাইভ মিস করব। কী আর করার, দৌড়ে গিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে হলো।’
(অনুলিখিত)