এফএম রেডিওতে ‘টেলিভিশন’-এর গান
কাল বুধবার থেকে এফএম রেডিও স্টেশন রেডিও ফুর্তিতে শোনা যাবে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘টেলিভিশন’-এর গান। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়ালের সঙ্গে রেডিও ফুর্তির এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর থেকে এ ছবির গান প্রচার করবে রেডিও ফুর্তি। ‘টেলিভিশন’ ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, ন্যান্সি, হূদয় খান, নির্ঝর, পারভেজ ও লুত্ফর হাসান। ছবির গানগুলোর সুর ও সংগীতপরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু, অর্ণব, চিরকুট ব্যান্ড ও হূদয় খান। গানের কথা লিখেছেন কবির বকুল, মারজুক রাসেল, চিরকুট ব্যান্ড, রবিউল ইসলাম ও সোমেশ্বর অলি। ‘টেলিভিশন’-এর আবহসংগীত করেছেন আইয়ুব বাচ্চু।‘টেলিভিশন’ ছবিটি ১৭তম পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সমাপনী ছবি হিসেবে মনোনীত হয়েছে। মুক্তির আগেই ছবিটি জিতে নিয়েছে ‘এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন’ পুরস্কার। ‘টেলিভিশন’ ছবির চিত্রনাট্য লিখেছেন মোস্তফা সরয়ার ফারুকী ও আনিসুল হক। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা প্রমুখ।ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স ও মোগাদর ফিল্ম (জার্মানি) প্রযোজিত ‘টেলিভিশন’ ছবিটি এর আগে গুটেনবার্গ ফিল্ম ফেস্টিভ্যালে চিত্রনাট্যের জন্য পুরস্কার জিতেছিল।