এফএলপির মহোৎসব মিলানে
বাণিজ্য বিষয়ে টিভি রিয়েলিটি শো দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম (এফএলপি) ইন বিজনেসের মহোৎসব অনুষ্ঠিত হলো ইতালির মিলানে। এখানে ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবে বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের পরিচালক রিচার্ড আরসান। এই রিয়েলিটি শো-এ সেরা হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মনিরুজ্জামান। পুরস্কার হিসেবে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্সে এমবিএ প্রোগ্রামে পড়াশোনার জন্য বৃত্তি পাচ্ছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফএলপির প্রধান বিচারক আবদুল মুক্তাদির, সহযোগী বিচারক তাসলিম আহমেদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। চ্যানেল আইয়ে আজ রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে এ উৎসবটি।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর, আবদুল মুক্তাদির, তাসলিম আহমেদ, সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সামিট গ্রুপের চেয়ারম্যান মো. আজীজ খান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন, নাসির গ্রুপের চেয়ারম্যান মীর নাসির হোসেন, এক্সিম ব্যাংকের পরিচালক মো. হাবিবুল্লাহসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা।
এ বছর জুন মাসে ৪৪ জন মেধাবী শিক্ষার্থীকে নিয়ে শুরু হয় এই রিয়েলিটি শো।