এফটিপিওর সংবাদ সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) আজ এক সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। বেশ কিছুদিন ধরেই সংগঠনটি দেশি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ডাবিং করা বিদেশি ধারাবাহিক বন্ধের আন্দোলন করে আসছিল। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপাতত শর্তসাপেক্ষে বিদেশি ধারাবাহিক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল আই। সংগঠনটির সদস্যসচিব ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত বলেন, ‘আমরা ১৪ ডিসেম্বর চ্যানেল আইয়ের কাছ থেকে চিঠি পেয়েছি। অন্যান্য চ্যানেলও আমাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছে। শুধু চারটি চ্যানেল এখন বিদেশি ধারাবাহিক প্রচার করছে। এ কারণে আগামীকাল (আজ শনিবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করব।’
চিঠির ব্যাপারে চ্যানেল আইয়ের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান বলেন, ‘আমরা ১৪ ডিসেম্বর থেকে বিদেশি ধারাবাহিকটির প্রচার বন্ধ করে দিয়েছি। আমরা চিঠিতে জানিয়েছি, ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে। এর মধ্যে যদি সব চ্যানেল বন্ধ করে দেয়, তাহলে আমরা বিদেশি সিরিজ আর চালাব না। কিন্তু অন্য চ্যানেলে চললে চ্যানেল আইতেও চলবে।’
উল্লেখ্য, দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলে বিদেশি ভাষার ধারাবাহিক ডাবিং করে প্রচারিত হচ্ছে। এর মধ্যে দীপ্ত টিভিতে প্রচারিত সুলতান সুলেমান ব্যাপক জনপ্রিয়তা পায়। সেটাসহ সব চ্যানেলে ১৫ ডিসেম্বরের মধ্যে বিদেশি ধারাবাহিক বন্ধের সময়সীমা বেঁধে দেয় এফটিপিও।