এফডিসিজুড়ে কতই না আলো কতই না কোলাহল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩, ৪, ৮ ও ৯ নম্বর ফ্লোরের মাঝখানের রাস্তাজুড়েই জটলা। এফডিসির মূল ফটক দিয়ে ওই রাস্তায় পৌঁছে এত মানুষের জটলা দেখে কিছুটা অবাক হই। ফ্লোরগুলোর মূল ফটক থেকে রাস্তা পর্যন্ত ছড়িয়েছে এই জটলা। সবগুলো ফ্লোরেই শুটিং নাকি! এ দেখছি নতুন এফডিসি। মনে হচ্ছে ঈদের বন্ধের পরপর আবার প্রাণ পেয়েছে এই আঙিনা। জটলা ঠেলে ঠেলে ৩ নম্বর ফ্লোরের মুখে যাই। ভেতরে উঁকি দিই। এবার চোখ তো পুরোই কপালে! কয়েক দিন আগে ভেতরটা ছিল রাজপ্রাসাদ, আজ দেখি ফ্লোরজুড়ে বসতির মতো অনেকগুলো খুপরিঘর! ঘটনা কী, জানতে একটা খুপরির মধ্যে ঢুকে যাই। দেখি চিত্রগ্রাহক মাহফুজুর রহমান তাঁর ক্যামেরা ঠিক করে নিচ্ছেন। সেটের একজন জানালেন, এখানে একাত্তরের মা জননী ছবির শুটিং হচ্ছে। পরিচালক শাহ আলম কিরণ। সেটের একপাশে বসে চিত্রনাট্য দেখছেন পরিচালক। ফাঁকে কথা বলি তাঁর সঙ্গে। বললেন, ‘এটি আনিসুল হকের জননী সাহসিনী ১৯৭১-এর গল্প থেকে নেওয়া। এটি মুক্তিযুদ্ধের ছবি। এই জরাজীর্ণ ঘরটি পাকিস্তানি সেনাক্যাম্পের একটা অংশ। ঘরটি জামিলার। জামিলা সারা দিন ক্যাম্পের সেনাদের রান্নাবান্না করে রাতে তার ছোট বাচ্চাসহ ঘুমায় ঘরটিতে। এখানে থেকে জামিলা গোপনে পাকিস্তানি সেনাদের অনেক গোপন তথ্য মুক্তিযোদ্ধাদের কাছে পাচার করে।এর মধ্যে শট নেওয়ার প্রস্তুতি শেষ। পরিচালক একজন সহকারীকে ডেকে পাঠালেন গ্রিনরুম থেকে জামিলাকে আনতে। কিন্তু কে হয়েছেন এই জামিলা, তখনো জানা গেল না। অল্প সময়ের মধ্যেই ময়লা, ছেঁড়া পোশাকে নিপুণ এসে সেটে হাজির হলেন। পরিচালক বললেন, ‘নিপুণকে চরিত্রটিতে দারুণ মানিয়েছে।জানালেন, ঘরের মধ্যে একটা ভাঙা চৌকিতে ছোট বাচ্চাকে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে উঠে ঘর থেকে বেরিয়ে যাবে নিপুণ। এমন একটা দৃশ্য এখন নেওয়া হবে। এর মধ্যে সব প্রস্তুতি শেষ। পরিচালক হাঁক দিলেন, ‘কোয়াইট’। চারপাশ নীরব হয়ে গেল। ‘থ্রি...টু...ওয়ান...জিরো...অ্যাকশন...! —বলেই পরিচালক মনিটরে চোখ রাখলেন।ক্যামেরা চলছে। কিন্তু না, হলো না। চিত্রগ্রাহক মাহফুজুর রহমান বললেন, ‘আরেকবার নেব। তার আগে দেওয়ালটাতে আলোর ছাপটা আরেকটু আলো-আঁধারি করতে হবে।’ এবার সব ঠিকঠাক। দ্বিতীয়বারে শট ‘ওকে’ হলো। এর পরপরই দুপুরের খাবারের বিরতি দিলেন পরিচালক। কথা হলো নিপুণের সঙ্গে। বললেন, ‘আমি প্রথম মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে অভিনয় করছি। গর্ববোধ করছি।’ ২.সেট থেকে বেরিয়ে এফডিসির মূল রাস্তা ধরে হাঁটা ধরেছি। রাস্তার মাথায় প্রযোজক সমিতি ও ৭ নম্বর ফ্লোরের পেছনের সরু রাস্তার মাথায় পায়চারি অবস্থায় দেখা গেল সোহেল রানাকে। ওই রাস্তারই মাথায় একটা ছোট ঘরের মধ্যে হইচই শুনে ওপথে এগিয়ে যাই। দরজায় কেউ কেউ উঁকিঝুঁকি মারছে। ঢুঁ মেরে দেখি, ভেতরে জায়েদ খান। সংলাপ বলছেন, ‘তুই কী পাপ করেছিস, যার জন্য তোর পরিবারের ওপর এত গজব! তোর কারণে পুরো পরিবার আজ পথে বসেছে।’ একজন সহকারী সংলাপগুলো ধরিয়ে দিচ্ছেন জায়েদ খানকে। এভাবে বেশ কয়েকবার রিহার্সেল করে নিলেন তিনি। দৃশ্যটি ধারণের আগে জায়েদ খান বললেন, ‘এটি অদৃশ্য শত্রু ছবির সংলাপ। একজন পুলিশ অফিসারকে উদ্দেশ করে সংলাপগুলো বলা হচ্ছে। এখানে পরিচালনার পাশাপাশি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন সোহেল রানা। সেটে প্রবেশ করলেন সোহেল রানা।’ ‘তোমাদের রিহার্সেল শেষ? চলো চলো...টেক করি।’ বলেই মনিটরে বসে গেলেন তিনি। সেখান থেকে বেরিয়ে ক্যানটিন চত্বরের দিকে রওনা হই। চত্বরের চারপাশজুড়ে আজকের আড্ডাটা বেশ জমজমাট। একজন আরেকজনকে বলছেন, ‘আজ এফডিসিতে আট পার্টির কাজ। মনে হচ্ছে, ২০০৫ সালের পর এই প্রথম একসঙ্গে এত পার্টির কাজ চলছে। ভালোই লাগছে।’ ক্যান্টিনের ভেতরে ঢুকতে ঢুকতে দরজার মুখে কথাগুলো কানে এল।ততক্ষণে চারপাশে সন্ধ্যার আঁধার নেমেছে। এফডিসিজুড়ে কতই না আলো, কতই না কোলাহল!