এফডিসিতে এক চক্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিরঝিরে বৃষ্টি। একটু থামে, আবার শুরু হয়। রোববার দুপুরের পর এফডিসিতে ঢুকে দেখা গেল বৃষ্টির কারণে সবার মধ্যে আলসেমি। একটি মাত্র চলচ্চিত্রের শুটিং হওয়ার কথা। ছবির নাম ভুলব না তোমাকে। গত শুক্রবার এফডিসির ৪ নম্বর ফ্লোরে এ ছবির শুটিং মহরত করেন পরিচালক শাহাদাৎ হোসেন লিটন। এর পর থেকে শুটিং শুরু করেছেন। বিপত্তি হয়েছে ফ্লোরের সামনে একটি বাজারের সেট ফেলে। বৃষ্টির কারণে সেটের ক্ষতি হয়েছে। দোকানপাট সব ভিজে একাকার। নানা রকম তরিতরকারি ছড়িয়ে-ছিটিয়ে আছে। শুটিং ইউনিটের কেউ কেউ সেখান থেকেই শসা আর গাজর নিয়ে খাওয়া শুরু করেছেন।পরিচালক লিটন ক্যামেরাম্যানকে বললেন, ফ্লোরের ভেতরের কাজগুলো করে ফেলাই ভালো। যেমন কথা তেমন কাজ। স্বপ্ননীড় নামের একটি আবাসিক এলাকা গড়ে তোলা হয়েছে। এখানে অনেক পরিবার বসবাস করে। গ্রাম থেকে শহরে আসা ছেলে অস্ত্র ব্যবসায়ীদের ধরিয়ে দিয়েছেন। এতেই খেপেছে মাফিয়াচক্রের হোতারা। সদলবলে তারা হামলা করতে প্রস্তুত। লাইট, ক্যামেরা তৈরি। কিন্তু শুটিং হবে না। কারণ যে ছেলেটিকে মারবে, যে কি না ছবির নায়ক, সেই শাকিব খানই এখনো প্রস্তুত নন। তিনি রূপসজ্জাকক্ষে আছেন। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। পরিচালক দুই দফা রূপসজ্জাকক্ষ ঘুরে এসে জানালেন, দুই মিনিটের মধ্যেই হিরো আসবেন।হিরো এলেন। লাইট জ্বলে উঠল। একটি খোলা জিপে করে মাস্তান বাহিনী এল। কিন্তু নায়ক বলে কথা! তাঁকে কি আর আঘাত করতে পারে? মারপিটে পরিচালক চুন্নু সেভাবেই নায়ককে জয়ী করলেন। নায়কের মার খেয়ে মাস্তানের দল কোনো রকমে পালিয়ে গেল। পরিচালক লিটন ক্যামেরা থামালেন। ভুলব না তোমাকে ছবিতে আরও অভিনয় করছেন রুমানা-অপু বিশ্বাসসহ আরও অনেকেই।২ নম্বর ফ্লোরের সামনে অনেক মানুষের জটলা। ভেতরে বেশ জোরেশোরেই সেট নির্মাণের কাজ চলছে। ‘কে হবেন কোটিপতি?’ অনুষ্ঠানের জমকালো সেট। সেই দিকটায় যেতেই দেখা গেল লাল রঙের একটি গাড়ি ছুটে আসছে। গাড়িটি থামল। আসাদুজ্জামান নূর গাড়ি থেকে নামলেন। ‘কে হবেন কোটিপতি?’ অনুষ্ঠানের উপস্থাপক তিনি। তাঁর গেটআপে নিয়ে আসা হয়েছে পরিবর্তন। তাঁকে দেখে লাইটম্যানরা ছুটে এসে সালাম দিলেন, কেউ বা হাত মেলালেন। বিনয়ী নূরও তাঁদের সঙ্গে আন্তরিকভাবেই কুশল বিনিময় করে চলে গেলেন।