এফডিসিতে একচক্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ জোরে মোটরসাইকেল চালিয়ে আসছে এক যুবক। হঠাৎ করে রাস্তায় এক তরুণী। কোনোরকমে মোটরসাইকেলের ব্রেকটা কষল যুবক। মেয়েটি রেগে গেছে, কিন্তু তা প্রকাশ করল না। বরং আস্তে আস্তে দৃষ্টিবিনিময় করে নেয়। এমন সময়ই বৃষ্টির বড় বড় ফোঁটা। পরিচালক ‘কাট’ বলার আগেই যে যার মতো দৌড়ে নিরাপদ স্থানে চলে গেল। শাকিব খান পরিচালক বদিউল আলম খোকনকে বললেন, ‘ইস্, আর দুইটা মিনিট সহ্য হলো না বৃষ্টির! এত সুন্দর করে দৃশ্যায়নটা হয়েছিল, কিন্তু...।’বৃষ্টি থামল ঠিকই, কিন্তু শুটিংয়ের প্রস্তুতি নিতে দেরি হবে। পানি শুকাতে হবে। প্রোডাকশনের সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়ল। শাকিব পরিচালককে বললেন, ‘আপনি প্রস্তুতি নিন, আমি একটু ডাবিংটা করে আসি।’ ডাবিং থিয়েটারে সোহানুর রহমান সোহান বসে আছেন। তিনি তাঁর ছবির ডাবিং শুরু করে দিলেন। পর্দায় ভেসে উঠল শাকিবের চেহারা। এবার তিনি একজন চিকিৎসক। পরিচালককে প্রশ্ন করলাম, শাকিব কি চিকিৎসকের চরিত্রে কাজ করেছেন? পরিচালক বললেন, ইন্টার্ন করছে—এমন চরিত্রে কাজ করেছেন। শাকিব হাসতে হাসতে বললেন, ‘সব চরিত্রই সহজে করা যায়। কিন্তু এই চরিত্রে কাজ করতে গিয়ে আমি হিসাব করে সংলাপ বলেছি। কারণ, চিকিৎসকদের কিছু শব্দ আছে, যেগুলো বুঝে বলতে হয়। অনেক শব্দ আছে, যেগুলোর সঙ্গে আমি পরিচিত নই। সেসব সংলাপ বলার আগে দুবার করে আমি মহড়া দিয়েছি।’ ডাবিং শুরু হলো। শাকিবের হাতে একটি এক্স-রে ফিল্ম। সেটি দেখিয়ে রোগীদের বলছেন, ‘রিপোর্ট চলে এসেছে। কিছুদিন হাসপাতালেই থাকতে হবে। ঠিকমতো চিকিৎসা নিলে ভালো হয়ে উঠবেন।’ আর এগোতে পারলেন না বিদ্যুৎ-বিভ্রাটের কারণে। ডাবিং থিয়েটার থেকে বেরিয়ে চলে এলেন ৩ নম্বর ফ্লোরের মেকআপ রুমে। পূর্ণিমা এসেছেন। তিনি জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার ছবির শুটিং করবেন। সাজসজ্জায় ব্যস্ত। একটু পরেই শাকিব এসেছেন। বললেন, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার-এর ঘণ্টা খানেকের কাজ আছে, এর পরই আবার চলে যাবেন তিনি মোটরবাইক নিয়ে অন্য ছবির শুটিং করতে। বিদ্যুৎ চলে এসেছে। লাইট-ক্যামেরা নিয়ে পরিচালকেরা বসে আছেন। শিল্পীরা গেলেই তাঁরা বলতে শুরু করবেন—‘অ্যাকশন’।