এফডিসিতে বিজয় উৎসব

শুটিং নেই। নেই লাইট-ক্যামেরা-ট্রলি নিয়ে হুড়োহুড়ি। এই শিফটেই কাজ শেষ করতে হবে—এমন তাড়াও চোখে পড়ে না। উৎসবের আমেজ লেগেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। বিজয় দিবসের সকাল থেকেই সেখানে চলছে বিজয় উৎসব। লোকে লোকারণ্য এফডিসির চত্বর। চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের কর্মীদের পাশাপাশি বহিরাগত লোকজনের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। যাঁদের মনে ইচ্ছা ছিল এফডিসি দেখার, তাঁরা গতকাল সেখানে মনভরে ঘুরে বেরিয়েছেন।
গতকাল বিএফডিসির প্রধান ফটকেই চোখ আটকে গিয়েছিল ঘুরতে আসা দর্শনার্থীদের। মূল ফটকের সামনে জটলা করে দাঁড়িয়ে ছিলেন অনেকে। ভেতরে আজ ঢোকা যাবে কি না, এই দ্বিধায় অনেকে ফটক পর্যন্ত এসেই আটকে যান। তবে যাঁরা সাহস করে এফডিসির বিজয় উৎসবে অংশ নেওয়ার আশায় মূল ফটকের ভেতরে চলে যান, তাঁরা অনেকেই পরে অবশ্য হতাশ হয়ে পড়েন। কারণ চলচ্চিত্র তারকাদের দেখার আশায় সেখানে ঢুঁ মারলেও গতকাল এফডিসির কোথাও তাঁদের দেখা মেলেনি।
এফডিসিজুড়ে ভিড় ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে আসা অতিথিদের। পরিচালক সমিতির কার্যালয়ের সামনে গেলেই দেখা যায়, সব সদস্য সেখানে শুভেচ্ছা জানাচ্ছেন অতিথিদের। লাল গোলাপ বিতরণ করে চলছে শুভেচ্ছা বিনিময়। চলচ্চিত্র পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব এস এ হক অলিকের সঙ্গে কথা হলো। তিনি জানালেন, বিজয় দিবস উপলক্ষে তাঁরা রক্তদান কর্মসূচির আয়োজন করেছেন। পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন, গান ও আবৃত্তি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
তবে বিজয় উৎসবের জায়গাটি ঘুরে বিজয় দিবসের আয়োজনের চেয়ে নির্বাচনী প্রচারণার তোড়জোড়ই দেখা গেল বেশি। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন উপলক্ষে এবারের বিজয় উৎসব অন্যবারের চেয়ে আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। লাল-সবুজের ফাঁকে ফাঁকে নির্বাচনী পোস্টার, ব্যানার নিয়েও বিজয় উৎসবে আলোচনার কমতি ছিল না। তবে সাধারণ দর্শনার্থীদের কাছে সেই নির্বাচনের উত্তাপ ছিল অনেকটাই ম্লান। কারণ, তাঁরা তো পছন্দের তারকা দেখতে এসেছিলেন। তাই তো রামপুরা থেকে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে এফডিসিতে ঘুরতে আসা জাহাঙ্গীর বেরিয়ে যেতে যেতে বেশ আক্ষেপের স্বরেই বললেন, ‘ভাবছিলাম নায়ক-নায়িকা দেখমু। কিন্তু সবই বন্ধ। কেউই নাই। তাই এখন অন্য কোনোখানে ঘুরতে যাইতাছি।’