এফডিসিতে যন্ত্রপাতি স্থাপনে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফডিসির মান্না ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সের যন্ত্রপাতি স্থাপনে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত দলের দেওয়া প্রতিবেদনে দেখা যায়, পুরোনো প্রযুক্তির এবং একেবারেই নিম্নমানের নয়টি যন্ত্রপাতি স্থাপনের ফলে ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স এক বছরেরও বেশি সময় ধরে অকার্যকর হয়ে আছে।মান্না ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সের এসব যন্ত্রপাতি সরবরাহ করেছে ফেইথ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহের জন্য এরই মধ্যে এফডিসি কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০০৮ সালের শেষদিকে মামলা করে। কিন্তু রহস্যজনক কারণে মামলার কোনো অগ্রগতি হয়নি।জানা গেছে, সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে এফডিসি কর্তৃপক্ষ, তথ্য মন্ত্রণালয় ও ফেইথ ইন্টারন্যাশনালের প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। সেখানে নিম্নমানের যন্ত্রপাতির জায়গায় নতুন যন্ত্রপাতি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে ফেইথ ইন্টারন্যাশনাল। তবে কবে নাগাদ তা করা হবে, এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি।এদিকে মান্না ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সের যন্ত্রপাতি স্থাপনে দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে সাবেক প্রকল্প পরিচালক প্রকৌশলী আইয়ুব আলীকে। এখন এই পদে কর্মরত আছেন প্রকৌশলী মো. মোশাররফ।ফেইথ ইন্টারন্যাশনালের বিরুদ্ধে দায়ের করা মামলার ব্যাপারে জানতে চাইলে মোশাররফ বলেন, ‘সরবরাহকারী প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদের জানার প্রয়োজন কী? সংবাদপত্রে কোনো তথ্য দেওয়া যাবে না। মান্না ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স দেশের গোপনীয় একটা ব্যাপার। এটা জনসমক্ষে প্রকাশ করা ঠিক হবে না।’ এরপর তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।ফেইথ ইন্টারন্যাশনালের কর্ণধার উজ্জ্বল চক্রবর্তী বলেন, ‘আমার বিরুদ্ধে পুরোনো প্রযুক্তির ২২টি যন্ত্রপাতি দেওয়ার অভিযোগ এনে মামলা করে এফডিসি। কিন্তু আমি বরাবরই বলেছি, নয়টি নতুন প্রযুক্তির যন্ত্রপাতি দেওয়া যাবে। কিন্তু ওই সময় এফডিসি কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। এর ফলে অনেক নতুন যন্ত্রপাতিও নষ্ট হয়ে গেছে।’পুরোনো ও নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহের কারণ হিসেবে তিনি জানান, ‘এ জন্য দায়ী উৎপাদনকারী প্রতিষ্ঠান।’