এফডিসিতে 'ওরা ১১ জন' ছবির শিল্পীদের সংবর্ধনা

এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হবে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’-এর শিল্পী ও কলাকুশলীদের। আগামী বৃহস্পতিবার দুপুরে জহির রায়হান ভিআইপি প্রোজেকশন মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হবে। এরপর উপস্থিত অতিথিদের সামনে প্রদর্শিত হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত এই সিনেমা। আজ মঙ্গলবার দুপুরে বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা জানায় চলচ্চিত্র পরিচালক সমিতি।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘বাংলাদেশের কালজয়ী সিনেমাগুলো আবার নতুনদের সামনে তুলে ধরতে চাই। এসব সিনেমা অভিনয়শিল্পী ও কলাকুশলী যাঁরা আমাদের মাঝে এখনো বেঁচে আছেন, তাঁদের আমরা এমন আয়োজনের মাধ্যমে স্মরণ করতে চাই। তারই প্রক্রিয়া হিসেবে এমন আয়োজন। এর আগে ‘জীবন থেকে নেয়া’ ছবিটি নিয়ে অনুষ্ঠান করেছি। এবার ‘ওরা ১১ জন’ নিয়ে করছি। এভাবে এক এক করে কালজয়ী চলচ্চিত্রগুলো সামনে আনতে চাই। শুধু তা-ই নয়, শিল্পী ও কলাকুশলীদের কাছ থেকে কালজয়ী সিনেমার নির্মাণের আনন্দ-বেদনার গল্পও শুনব।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, পরিচালক শাহ আলম কিরণ, আহমেদ ইলিয়াস ভূঁইয়া, নূর মোহাম্মদ মনি, শাহিন সুমন, আহম্মদ আলী মন্ডল, অপূর্ব রানা ও শাহিন কবির টুটুল।
১৯৭২ সালে মুক্তি পাওয়া ‘ওরা ১১ জন’ সিনেমায় অভিনয় করেছেন খসরু, রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, সুমিতা দেবী, খলিল, মিরানা জামান ও রওশন জামিল প্রমুখ।