এফডিসির করুণ অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শক-শ্রোতাদেরও এখন মুখস্থ হয়ে গেছে: কলেজ বা বিশ্ববিদ্যালয় মানেই এফডিসির ৮ ও ৯ নম্বর ফ্লোরের করিডর। খেলার মাঠ হচ্ছে এ দুটি ফ্লোরের সামনের খোলা চত্বর। হাটবাজার হলো ক্যানটিনের সামনের অংশ। আর বাগান? অবশ্যই ঝরনা স্পট। এই ঝরনা স্পটে আবার পানিই দেখা যায় না। একটি বিলাসবহুল প্রতিষ্ঠানের মালিকের কক্ষ মানেই এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর। যাঁরা নিয়মিত দর্শক, বাংলা চলচ্চিত্রে তাঁরা ঘুরেফিরে এই স্থানগুলোই দেখে থাকেন। এফডিসি প্রতিষ্ঠার পর থেকে এখানে কয়েকটি শুটিং ফ্লোর আর এই জায়গাগুলো ছাড়া আর কিছুই করা হয়নি। স্থানগুলো মানুষের কাছে এতই পরিচিত যে, এখন খোদ নির্মাতারাও এসব স্থানে শুটিং করতে আগ্রহী হন না। তাঁরা চলে যান বেসরকারি শুটিং স্পটগুলোতে। নির্মাতারা জানিয়েছেন, এসব স্থাপনা দীর্ঘদিন থেকেই কোনো সংস্কারবিহীন। ঝরনা স্পট ঘুরে দেখা গেছে ময়লা আর আবর্জনার স্তূপ। নিয়মিত পরিচর্যার অভাবে বাগানের গাছগুলোর করুণ দশা। আর দুর্গন্ধের কারণে শুটিং ফ্লোরগুলো কাজ করার অনুপযোগী হয়ে পড়েছে। নির্মাতারা যখন চলচ্চিত্র বা বিজ্ঞাপন নির্মাণ করেন, তখন নিজেদের উদ্যোগে স্থানগুলো পরিষ্কার করে নেন।এদিকে এফডিসির রূপসজ্জা কক্ষগুলোর অবস্থা আরও করুণ। ৮ ও ৯ নম্বর ফ্লোরের রূপসজ্জা কক্ষে ঢুকলেই বাথরুমের দুর্গন্ধ নাকে আসে। এদিকে প্রায় আট মাস আগে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এফডিসি পরিদর্শন করে তিন দিনের মধ্যে সব সমস্যার সমাধান করার নির্দেশ দেন। মাসখানেক আগে মাত্র দুটি রূপসজ্জা কক্ষের মেরামতকাজ শুরু করেছে এফডিসি কর্তৃপক্ষ।চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার বললেন, ‘আমরা প্রায়ই এফডিসি কর্তৃপক্ষের কাছে এসব সমস্যা তুলে ধরি। কিন্তু এর সমাধান যে কবে হবে, তা কেউই বলতে পারে না।’এসব সমস্যার ব্যাপারে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুর আহমেদ বলেন, ‘রূপসজ্জা কক্ষগুলোর সংস্কার করা হচ্ছে। আশা করছি, অন্যান্য সমস্যাও শিগগিরই সমাধান করা সম্ভব হবে।’