এফডিসির জন্য ৫৮ কোটি টাকার বরাদ্দ চাওয়া হয়েছে
এফডিসির উন্নয়নের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ৫৮ কোটি টাকার বরাদ্দ চেয়েছে তথ্য মন্ত্রণালয়। দীর্ঘদিন থেকে চলচ্চিত্রের নির্মাতারা এফডিসির বিভিন্ন ধরনের মেশিনপত্র, ক্যামেরা এবং অন্যান্য সুযোগ-সুবিধার জন্য সরকারের বিভিন্ন মহলে আবদার করে আসছিলেন। অবশেষে তথ্য মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে কী কী প্রয়োজন সেই হিসাব করে ৫৮ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ চেয়েছে। জানা গেছে, এফডিসিতে ভালো ক্যামেরা নেই, সাউন্ড নেগেটিভ নেই, ডাভিং থিয়েটার অকার্যকর ও টেলিসিন নষ্ট হয়ে আছে। এসব যন্ত্রপাতি ও আনুষঙ্গিক দ্রব্য নতুন করে কেনা হবে এবং তা প্রতিস্থাপন করা হবে। তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন জানিয়েছেন, ‘চলচ্চিত্রশিল্পের কাজের সুবিধার জন্যই আমরা দ্রুতগতিতে কাজ করতে চাই। এ জন্য ৫৮ কোটি টাকার বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।’এদিকে, সর্বশেষ এফডিসিতে খোঁজ নিয়ে জানা গেছে, এফডিসি প্রায় অচল হওয়ার উপক্রম হয়েছে। এফডিসির ক্যামেরা না পেয়ে অনেকেই যেমন শুটিং করতে পারছেন না, তেমনি আবার সাউন্ড নেগেটিভের অভাবে শুটিং ডাবিং শেষ করার পরও কেউ বাকি কাজ শেষ করতে পারছেন না। অন্যদিকে অনেকের ছবির শুটিং শেষ হলেও ডাবিং থিয়েটারের মেশিনপত্র নষ্ট হয়ে থাকার কারণে কেউ কেউ ডাবিং করতে পারছেন না। জানা গেছে, চলচ্চিত্রের এই বিশেষ সমস্যাগুলো নিয়ে পরিচালক সমিতির নেতারা কিছুদিন আগেই তথ্যসচিবের কাছে লিখিত আকারে প্রতিবেদন জমা দেন। এই প্রতিবেদন তৈরি করেন রায়হান মুজিব ও মোহাম্মদ হোসেন জেমী। এরপর মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। তবে বরাদ্দ পাওয়ার পর কত দিনে এই কাজ শুরু হবে অথবা কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর বিকল্প ব্যবস্থা কী কী থাকবে সেটিই এখন দেখার বিষয়।এফডিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গত ১৫ বছরেও এত বড় আকারে বরাদ্দ এফডিসি পায়নি। যদি পাওয়া যায়, তবে সত্যিই সেটি চলচ্চিত্রশিল্পের অনেক উপকারে আসবে।