এফডিসির ডাবিং থিয়েটার অচল
প্রায় ২৫ দিন ধরে এফডিসির ডাবিং থিয়েটার সম্পূর্ণ অচল। নাজির আহমেদ সাউন্ড কমপ্লেক্সে অবস্থিত রক এন রোলের দুটি স্টুডিওই পুরোপুরি অচল হয়ে পড়েছে। ফলে এফডিসিতে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে ডাবিংয়ের সব ধরনের কাজ বন্ধ হয়ে আছে।বাধ্য হয়ে শিল্পীদের বাতিল করতে হয়েছে ডাবিংয়ের সময়সূচি। আগামী প্রায় ছয় মাসের জন্য পিছিয়ে গেছে শুটিং করা ছবিগুলোর ডাবিং।দীর্ঘদিন থেকেই এফডিসির ডাবিং থিয়েটার নানা সমস্যায় জর্জরিত। কর্তৃপক্ষ বারবার এসব সমস্যা সমাধানের উদ্যোগ নিলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। ডাবিং থিয়েটার নষ্ট থাকার ফলে সবচেয়ে বিপদে পড়েছেন শাকিব খানের পরিচালক ও প্রযোজকেরা। বর্ষার কারণে শাকিব ঢাকাতেই শুটিং করছিলেন। কিন্তু গত ২৫ দিন তিনি কোনো ডাবিং করতে পারেননি। কদিন পরই তিনি চলে যাবেন আউটডোরে। ফলে যাঁরা ডাবিং করতে পারেননি, তাঁদের এখন অপেক্ষা করতে হচ্ছে অনির্দিষ্ট সময়ের জন্য।এফডিসির প্রশাসনিক সূত্রে জানা গেছে, ডলবি ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স চালু হলে ডাবিং সমস্যার সমাধান হবে এই ধারণা থেকে নতুন করে আর ডাবিংয়ের মেশিনপত্র আনা হচ্ছে না। কিন্তু ডলবি ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সেও রয়েছে নানা জটিলতা। তাই নির্মাতারা এখন নিরুপায় হয়ে বসে আছেন।এ ব্যাপারে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহ আলম কিরণ বলছিলেন, অতীতে পুরো ডাবিং থিয়েটার অচল হয়ে পড়ার ঘটনা কখনো দেখা যায়নি। অবশ্য এখানে কারও হাত নেই। মেশিনপত্রের ব্যাপার, টেকনিশিয়ানরা ভালো বলতে পারবেন, কবে এটি ঠিক করা যাবে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাব, যাতে সমস্যার দ্রুত সমাধান করা হয়।অন্যদিকে এফডিসির কারিগরি পরিচালক রানা হামিদ বলেছেন, ‘কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেওয়ার কারণেই ডাবিং থিয়েটারের মেরামতকাজ প্রায় শেষের দিকে। আমরা অপেক্ষা করছি আর কিছু সময়। আশা করছি, দু-এক দিনের মধ্যেই চালু করা হবে ডাবিং থিয়েটার। আসলে যে মেশিনপত্র আছে, সেগুলো ছিল খুবই স্পর্শকাতর। ফলে আমরা চাইলেই কিছু একটা করতে পারছি না। প্রকৌশলীরা আশ্বস্ত করেছেন, এবার এর একটা স্থায়ী সমাধান হবে।’