এফডিসির ডাবিং থিয়েটারের করুণ দশা
এফডিসির সাউন্ড কমপ্লেক্সের ডাবিং থিয়েটারের তিনটির মধ্যে এখন দুটি যন্ত্রই অকার্যকর হয়ে পড়ে আছে। একটি ডাবিং থিয়েটার যাও চালু আছে, সেটিও প্রায়ই অচল হয়ে পড়ে। ডাবিং থিয়েটারের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নষ্ট হয়ে পড়ে থাকা এখন খুবই সাধারণ ব্যাপার। এ অবস্থাতেই ডাবিং থিয়েটারে কাজ করতে বাধ্য হচ্ছেন নির্মাতারা। জানা গেছে, এফডিসির ডাবিং থিয়েটারে রক এন রোল প্রযুক্তির দুটি যন্ত্র স্থাপন করা হয় বছর ছয়েক আগে। পুরোনো প্রযুক্তির এই যন্ত্রে ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতারা কাজ করেছিলেন ১০ বছর আগে। এরপর প্রযুক্তি অনেক এগিয়েছে। কিন্তু সেই পুরোনো প্রযুক্তির ওপরই এখনো নির্ভর করতে হচ্ছে ঢাকার চলচ্চিত্র নির্মাতাদের। অভিযোগ পাওয়া গেছে, রক এন রোল যন্ত্রের দুটির মধ্যে একটি অকেজো হয়ে পড়ে আছে এক বছরেরও বেশি সময় ধরে। সেখানে এফডিসি কর্তৃপক্ষ আর কোনো নতুন যন্ত্র স্থাপন করতে পারেনি। ফলে এখন একটি ডাবিং থিয়েটারের ওপরই নির্ভর করতে হচ্ছে সবাইকে। তাই ছবির শুটিং শেষ করে নির্মাতাদের ডাবিং থিয়েটারের শিডিউল পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। এদিকে শিল্পীর শিডিউল ঠিক রাখার জন্য অনেক নির্মাতাই অতিরিক্ত অর্থ ব্যয় করে বেসরকারি ডাবিং থিয়েটারগুলোতে কাজ করতে বাধ্য হচ্ছেন। ফলে বেড়ে যাচ্ছে চলচ্চিত্রের নির্মাণব্যয়। ওদিকে এফডিসির সাউন্ড কমপ্লেক্সের ডাবিং থিয়েটারের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটিও সব সময় কাজ করে না। চলচ্চিত্র পরিচালক এফ আই মানিক বলেন, ‘দীর্ঘদিন ধরে বিষয়গুলো নিয়ে এফডিসির প্রশাসনের সঙ্গে কথা বলেছি। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।’এসব অভিযোগের ব্যাপারে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুর আহমেদ বলেন, ‘ডাবিং করার যন্ত্রটি অত্যন্ত ব্যয়বহুল। দুটি যন্ত্রের মধ্যে একটি নষ্ট হয়ে গেছে। আসলে এর যে কার্যক্ষমতার মেয়াদ ছিল, তা উত্তীর্ণ হয়েছে। তাই এ মুহূর্তে যন্ত্রটি মেরামত করাও সম্ভব নয়। তবে এই সমস্যা থেকে যেন দ্রুত বের হওয়া যায়, তার জন্য আমরা চেষ্টা করছি।’