এবং পরমব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাহানি চলচ্চিত্রে বিদ্যা বালান ও পরমব্রত চট্টোপাধ্যায়
কাহানি চলচ্চিত্রে বিদ্যা বালান ও পরমব্রত চট্টোপাধ্যায়

হেমলক সোসাইটি দিয়েই কথা শুরু হোক। সেই ‘আনন্দ কার’-এর কথা মনে আছে? সেই গাড়ির মালিক—যিনি বাঁচিয়েছেন হতাশাগ্রস্ত মানুষকে। তেমনি প্রতিভা দিয়ে বাংলা সিনেমার প্রতি দর্শকদের ভালোবাসাটাও বাঁচিয়েছেন। হ্যাঁ, আমরা টালিউডের এ সময়ের আলোচিত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের কথাই বলছি।

হেমলক সোসাইটিতে দুর্দান্ত অভিনয়ের জন্য অভিনেতা হিসেবে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার জিতে নেন পরমব্রত। তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন কাহিনি সিনেমায় অভিনয় করে।

সত্যকি সিনহা (রানা), সেই লাজুক পুলিশ অফিসার। যাকে ভারতীয় নারী দর্শকেরা বলেছেন ‘সন্দেশের মতো মিষ্টি’। পরমব্রত বলেন, ‘এই চরিত্রটা তো একটা ২০-এর কোঠার ছেলের। বিএ পাস। খেলাধুলা করে। বাড়ির বড়রা বলেছে পুলিশে চাকরির পরীক্ষা দে। দিয়েছে, পেয়েছে। ছয় মাস হলো চাকরি। প্রেমের অভিজ্ঞতা বলতে কোনো এক বান্ধবীর সঙ্গে পার্কে বসা। আর যৌনতা বলতে পাশের বাড়ির নাইটি পরা বউদি।’

মাত্র আট কোটি টাকা খরচ করে প্রায় ১০৮ কোটি টাকা তুলে আনাটা নেহাত চাট্টিখানি কথা নয়। কাহানি বিদ্যা বালানের ছবি—এটাই সবাই জানত। কিন্তু আড়াই ঘণ্টা তাঁরই সঙ্গে পর্দায় থেকেও না থাকা এবং তার পরেও সারা দেশের প্রশংসা আদায় করে নেওয়া কম নয়।

পরমব্রত নিজের অভিনয় সম্পর্কে বলেন, ‘অনেক দিন আগে, যখন টেলিভিশনে অভিনয় করি, একজন আমার অভিনয় দেখে বলেছিলেন, আমার অভিনয়ের সব থেকে ভালো দিক হচ্ছে, অন্য সবাই যখন লাইমলাইট কাড়ার চেষ্টা করে, আমি সেটা করি না। তাই চোখে পড়ি।’ অনুরাগ কাশ্যপ পরমব্রতকে সরাসরি ব্যক্তিগত মেসেজ পাঠিয়ে জানান, নতুনদের মধ্য তাঁর কাজই দারুণ সম্ভাবনাময় মনে হয়েছে তাঁর।

তবে পরমব্রতের অভিনয়ের ‘কাহানি’ শুরু হয় ২০০৩ সালে। সত্যজিৎ রায়ের কাহিনি অবলম্বনে বোম্বাইয়ের বোম্বেটে ছবিতে ফেলুদার সহকারী তোপসের ভূমিকায়। তিনি কৈলাসে কেলেঙ্কারি, টিনটোরেটোর যিশু, কালবেলা, বাইশে শ্রাবণ, হেমলক সোসাইটি, তিন ইয়ারি কথা, হাওয়া বদলসহ অনেক ছবিতেই ব্যতিক্রমী অভিনয়ের স্বাদ দিয়েছেন। টেলিফিল্মও করেছেন অনেক। তিনি টালিগঞ্জের অন্য ধাঁচের অভিনয়শিল্পী হিসেবেই পরিচিত।

সম্প্রতি তিনি তাঁর দীর্ঘ অভিনয়জীবনের সাথি রুদ্রনীল ঘোষ ও শিল্পপতি দীপক রাহার সঙ্গে যৌথভাবে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্কশপ খুলেছেন। এমনকি জিয়ো কাকা চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি পরিচালকের খাতায়ও নাম লিখিয়েছেন। কেন লেখাবেন না? বিখ্যাত পরিচালকের রক্ত যে তাঁর শরীরে! তিনি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের নাতি। যিনি তিতাস একটি নদীর নাম চলচ্চিত্র নির্মাণের জন্য বিখ্যাত। তাঁর বাড়ি ছিল আমাদের বাংলাদেশের রাজশাহীতে।

তবে পরমব্রত বাবু বড় হয়েছেন কলকাতায়। তিনি কলকাতার পান্থ ভবন স্কুলে লেখাপড়া করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে মাস্টার্স করেন। ১৯৮০ সালের ২৭ জুন তাঁর জন্ম। তাঁর ২০তম জন্মদিনের তিন দিন পর বাবাকে হারান তিনি।

পরমব্রত গানও করেন। পরিচালক অরিন্দম দের ছবি ছায়ামানুষ-এ গান করেছেন। অনুপমের সুর, গেয়েছেন পরমব্রত। নিজে অভিনয়ও করেছেন এই ছবিতে।

আর এবার বহু প্রতিভাবান পরমব্রতের যাত্রা হলিউডের দিকে। অস্কারজয়ী নির্মাতা জেফরি ডি ব্রাউনের সোল্ড ছবিতে অভিনয় করছেন তিনি। ভারত ও নেপাল বর্ডারে মাদকচক্র নিয়েই সোল্ড ছবির কাহিনি। নায়ক পরমব্রতর প্রেমিকা হিসেবে দেখা যাবে এক্স-ফাইলসের রহস্যসন্ধানী জিলিয়ানা এন্ডারসনকে।

হলি-বলি-টলি জয় করে শতভাগ উজাড় করে দিয়ে প্রাণবন্ত অভিনয় করে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। দিনকে দিন পরমব্রত নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন। তিনি প্রমাণ করেছেন, ‘বোম্বাই সব নয়, বেঁচে আছে বাংলা, বেঁচে আছে রাজা রায়’।