এবার অনন্তর ইশারায় হবে রাত-দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্ত জলিল
অনন্ত জলিল

চলচ্চিত্রের পর্দায় ‘হৃদয়’ খুলে দেখিয়ে অবাক করেছেন দর্শকদের। বিজ্ঞাপনচিত্রে করেছেন ‘অসম্ভবকে সম্ভব’। এবার আরেকটি ‘অসম্ভবকে সম্ভব’ করতে যাচ্ছেন অনন্ত। আলোচিত এই নায়কের ইশারায় হবে এবার রাত থেকে দিন। পাঠক অবাক হচ্ছেন! অবাক হওয়ার কিছুই নেই। সত্যিই এবার অনন্তর ইশারায় রাত থেকে দিন আর দিন থেকে রাত হবে। অবশ্য তা বাস্তবে নয়, আবার চলচ্চিত্রেও নয়। অনন্ত অভিনীত নতুন বিজ্ঞাপনে এমন দেখা যাবে। বিজ্ঞাপনচিত্রটির সংলাপের ধরন অনেকটা এমনই—‘হায় গাইস, দিস ইজ অনন্ত/ অনন্ত জলিল। এবার রাত হবে দিন/ দিন হবে রাত। .... হবে...হবে। কারণ, অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। ওয়েট অ্যান্ড ওয়াচ ...।’

‘দ্য ওয়ান অ্যান্ড অনলি অনন্ত, ব্যাক টু চেঞ্জ ইওর রাত টু দিন’—এটি আলোচিত নায়ক, প্রযোজক ও পরিচালক এম এ জলিল অনন্ত পরিচালিত নতুন বিজ্ঞাপনচিত্রের সংলাপ। আর বিজ্ঞাপনচিত্রটি হচ্ছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের। গত শুক্রবার ঢাকার পার্শ্ববর্তী হেমায়েতপুরে অনন্তর পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়।

নতুন এই বিজ্ঞাপনচিত্রটি নিয়ে অনন্ত প্রথম আলোকে বলেন, ‘আমার প্রথম বিজ্ঞাপনচিত্রটি ছিল গ্রামীণফোনের। আমার ভক্তরা বিজ্ঞাপনচিত্রটি খুব চমৎকারভাবে গ্রহণ করেছেন। আমার করা গ্রামীণফোনের নতুন বিজ্ঞাপনচিত্রের ভাবনাটা আমার দারুণ পছন্দ হয়েছে। আশা করছি, সবাই চমৎকার একটি বিজ্ঞাপনচিত্র দেখবেন।’

অনন্ত অভিনীত গ্রামীণফোনের নতুন বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন শহীদ ইবনে হোসাইন।


উল্লেখ্য, রোজার ঈদে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্ত অভিনীত চলচ্চিত্র মোস্ট ওয়েলকাম ২। এখনো দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটি চলছে। অভিনয়ের পাশাপাশি অনন্ত ছবিটির প্রযোজক ও পরিচালকও। ছবিটিতে অনন্তর বিপরীতে অভিনয় করেছেন বর্ষা। এদিকে ঈদুল আজহার পরপরই অনন্ত তাঁর নতুন ছবির কাজ শুরু করবেন। ‘দ্য স্পাই: অগ্রযাত্রার মহানায়ক’ শিরোনামের ছবিটির প্রযোজক-পরিচালক এবং নায়ক অনন্ত নিজে।