এবার অনলাইন রেডিও ‘দুরবিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যান্ডদল ‘দুরবিন’ এবার রেডিও নিয়ে আসছে। ব্যান্ডদলের সঙ্গে নাম রেখে আজ শনিবার রেডিও দুরবিন নামের এই রেডিওটির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। গতকাল ধানমন্ডির রবীন্দ্রসরোবরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। রেডিওটির উদ্বোধন করেন সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। পাশাপাশি ফুয়াদের ব্যান্ডদল এফএনএফ উপস্থিত দর্শক-শ্রোতাদের বেশ কয়েকটি গান শোনায়। রেডিও সম্পর্কে দুরবিন ব্যান্ডের প্রধান গায়ক শহীদ বলেন, ‘আমাদের রেডিওগুলো সাধারণত প্রবাসীরা শুনতে পারেন না। মূলত তাঁদের কথা চিন্তা করেই রেডিও দুরবিনের যাত্রা শুরু। প্রথম দুই মাস করে শ্রোতারা ১২ ঘণ্টা এবং তার পরই ২৪ ঘণ্টার অনুষ্ঠান শুনতে পারবেন। এক বছর পরই রেডিও দুরবিনকে এফএমে রূপান্তরের আবেদনও আমরা করেছি। আমাদের মূল টার্গেট হচ্ছে প্রবাসীরা। আমি মনে করি, এতে করে তাঁরা দেশীয় সংস্কৃতিতে ঘটমান নানা বিষয় সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন।’ এ ছাড়া অনুষ্ঠানে একই দুরবিন রকার হান্টের মাধ্যম বিজয়ী হওয়া পাঁচটি ব্যান্ডদলকেও (ফ্রেড, সাটুরান, তিরন্দাজ, ব্যতিক্রম ও স্পর্শময়) নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। রকার হান্টের মাধ্যমে উঠে আসা এই পাঁচটি ব্যান্ডও তাদের বেশ কিছু পরিবেশনা উপস্থিত দর্শকদের শোনায়। রেডিও দুরবিনের ওয়েব ঠিকানা: www.radiodoorbin.com.