সংসার সুখের হয় বেদনার গুণে ধারাবাহিকটির নাট্যকার ও পরিচালক মানিক মানবিক। আজ রাতে প্রচারিত হবে এটিএন বাংলায়। অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। আজকের কথোপকথন তাঁর সঙ্গে।এবার ঈদের জন্য কতগুলো কাজ করেছেন?এখনো কাজ করছি। আগে গড়পড়তায় অনেক কাজ করতে হতো। তবে এবার তা ছেড়ে দিয়েছি। খুব বেছে বেছে ১৫টির মতো কাজ করা হয়েছে। যাঁদের কাজ করেছি, তাঁদের মধ্যে আছেন: বৃন্দাবন দাস, মুহাম্মদ মোস্তফা কামাল, আশফাক নিপুণ, শহিদুন নবী।ঈদ এলেই নির্মাতাদের মধ্যে হাসির নাটক নির্মাণের ধুম লেগে যায়...কিন্তু তার মধ্যে কয়টি হাসির নাটক হচ্ছে? দর্শককে জোর করে হাসানোর ব্যাপারটি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমাকে কেন মানুষকে হাসানোর দায়িত্ব নিতে হবে? আমি কি কৌতুক অভিনেতা? আমাদের এই ধারা থেকে বের হয়ে আসতে হবে। আমি একজন অভিনয়শিল্পী। আমি এবার শুধুই ভালো গল্পনির্ভর নাটকের কাজ করছি। এখানে হাসি, কান্না, আনন্দ, দুঃখ, বেদনা—সবই আছে।এখন ঈদের জন্য যে নাটকগুলো তৈরি হচ্ছে, সেগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে?এখন কতগুলো টিভি চ্যানেল! প্রায় সব কটি চ্যানেল ছয় থেকে সাত দিন ঈদের অনুষ্ঠান প্রচার করবে। কয়েক শ নাটক আর টেলিছবি প্রয়োজন। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজনীয় নাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পী আমাদের আছে? ঘুরেফিরে বারবার একই মুখ সবাইকে দেখতে হচ্ছে। বেশির ভাগ নাটকের গল্পের মধ্যে পাবেন দারুণ মিল। আর বাজেট তো দিন দিন কমেই যাচ্ছে। পরিচালকের কথা কী বলব! কিছু পরিচালকের সঙ্গে কাজ করতে গিয়ে উল্টো তাঁদেরই বোঝাতে হয়। সংসার সুখের হয় বেদনার গুণে ধারাবাহিকটি কেমন লাগছে?ভালো। এই নাটকে আমি তো বুদ্ধিজীবী। নিজের জগতের মধ্যে থাকি। তিশার নাম ‘বেদনা’, আমাদের বাসায় কাজ করে। দর্শকের ভালোই লাগবে।