কথোপকথন: গত বৃহস্পতিবার ঢাকায় শুরু হয়েছে ১২তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। সপ্তাহব্যাপী এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম। এই সংগঠনের সভাপতি মোরশেদুল ইসলাম। উৎসব নিয়ে কথা হলো তাঁর সঙ্গে
এবার অনেক ভালো ছবি পেয়েছি
প্রথম এই উৎসব আয়োজনের উদ্দেশ্য কী ছিল?আমরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আন্দোলনটা শুরু করেছিলাম গত শতকের আশির দশকে। তখন ধারণাটা নতুন ছিল। দর্শকের কাছে তা ছিল অস্পষ্ট। ১৯৮৮ সালে আমরা একটি উৎসব আয়োজনের উদ্যোগ নিই। এর অন্যতম উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশের ছবি দর্শককে দেখানো, আর যাঁরা ছবি নির্মাণ করছেন কিংবা নির্মাণ করার কথা ভাবছেন, তাঁরাও এই উৎসব থেকে একটা ধারণা পাবেন।এই উৎসবের বয়স এখন ২৪ বছর। ১৯৮৮ সালে নেওয়া সেই উদ্যোগ আজ কতটা সফল হয়েছে?পুরোপুরি সফল হয়েছি, তা বলা যাবে না। কিছুটা তো হয়েছেই। শুরুতে আমাদের উৎসবের নাম ছিল ‘আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’। অষ্টম আয়োজন থেকে এর নাম পরিবর্তন করা হয়, ‘আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’। এখন দেশে চলচ্চিত্রনির্মাতার সংখ্যা বেড়েছে, দর্শকের সংখ্যাও বেড়েছে। তবে প্রতি আয়োজনেই আর্থিক সীমাবদ্ধতার দিকটি আমরা খুব অনুভব করি। তাই ইচ্ছা থাকলেও উৎসবটা বড় করে আয়োজন করতে পারি না, অনেক বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানাতে পারি না। তার পরও প্রতি উৎসবেই নতুন কিছু সংযোজনের চেষ্টা করি।এবার নতুন কী সংযোজন করা হয়েছে?এখন থেকে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের নামে একটি পুরস্কার দেওয়া হবে। আর এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত তারেক মাসুদ ও মিশুক মুনীরকে। গত দুই বছরে বিশ্ব চলচ্চিত্রের যেসব উল্লেখযোগ্য ব্যক্তিত্ব মারা গেছেন, তাঁদের কয়েকজনের ছবি থাকছে এ উৎসবে।উৎসবের ছবিগুলো আপনার কাছে কেমন মনে হয়েছে?এবার আমরা অনেক ভালো ছবি পেয়েছি। ছবির সংখ্যা ও মান দুটিই খুব ভালো।