এবার অরণ্যের ‘পারাপার’
ঢাকা শহরের এক নিম্নবিত্ত পরিবার। স্বামী, স্ত্রী আর সন্তানদের নিয়ে মোটামুটি চলে যাচ্ছে। পরিবারের প্রধান ব্যক্তিটি একজন সরকারি কর্মকর্তা। হঠাৎ এক রাতে তাঁদের বাসায় এক অজ্ঞাতনামা ব্যক্তির আগমন ঘটে। কেউ তাঁকে চিনতে পারেন না। শেষ পর্যন্ত আগন্তুককে চিনতে পারেন বাড়ির কর্তা। এই আগন্তুকের বাড়িতে থেকেই একসময় পড়াশোনা করেছেন তিনি। আগন্তুক আজ গুরুতর অসুস্থ। ঢাকায় এসেছেন চিকিৎসার জন্য। কিন্তু লোকটির আচরণ বাসার কেউ পছন্দ করেন না। একদিন এই বাসায়ই তাঁর মৃত্যু হয়। এ সময় সবাই জানতে পারেন, এই পরিবারের জন্য লোকটি ২৫ লাখ টাকাভর্তি একটি ব্যাগ রেখে গেছেন।এটি পারাপার নাটকের গল্প। আজ থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে ধারাবাহিকটি। এটি লিখেছেন অনিমেষ আইচ এবং পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। এতে অভিনয় করছেন আবুল হায়াত, হুমায়ুন ফরীদি, সৈয়দ হাসান ইমাম, ডলি জহুর, ফজলুর রহমান বাবু, মুনিরা মিঠু, তিশা, স্বাগতা, মৌটুসী বিশ্বাস, মিলন, অবিদ রায়হানসহ আরও অনেকে।অরণ্য আনোয়ার বলেন, ‘এই নাটকের কাজ করেছিলাম বছরখানেক আগে। ওই সময় হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে শুটিংয়ের সব কিছু প্রস্তুত। শিল্পীরাও এসে গেছেন। শেষ পর্যন্ত চিকিৎসকদের অনুরোধ করে হাসপাতাল থেকে তিন দিনের জন্য ছুটি পাই। সেখান থেকে সোজা চলে আসি শুটিং স্পটে। তিন দিন পর হাসপাতালে ফিরে গিয়েছিলাম। কিন্তু তত দিনে আমি সুস্থ হয়ে গেছি।’তিনি জানালেন, গত বছর একুশে টিভিতে তাঁর ঘোড়ার ডিম ধারাবাহিকটি প্রচারিত হয়। এই ধারাবাহিকের সিক্যুয়াল তৈরি করেছেন তিনি। নাম কল্প গাঁয়ের গল্প। আগের প্রায় সব শিল্পীই থাকছেন এবার। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন তিশা।