এবার অলীকের ‘এক পৃথিবী প্রেম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমটি হূদয়ের কথা, এরপর আকাশ ছোঁয়া ভালোবাসা। দুটি ছবিই ব্যবসায়িক দিক থেকে দারুণ সফল। এবার পরিচালক এস এ হক অলীক তৈরি করতে যাচ্ছেন তাঁর তৃতীয় চলচ্চিত্র। নাম এক পৃথিবী প্রেম। অলীকের প্রথম ছবি ছিল পুরোপুরি প্রেমের গল্প নিয়ে আর দ্বিতীয়টিতে প্রেম ও পারিবারিক দ্বন্দ্ব। তবে এবার প্রেম ও পারিবারিক দ্বন্দ্বের পাশাপাশি যোগ হচ্ছে রহস্য।হূদয়ের কথা ও আকাশ ছোঁয়া ভালোবাসা ছবিতে অভিনয় করেছিলেন রিয়াজ ও পূর্ণিমা। পরিচালক জানালেন, তাঁর নতুন ছবিতেও থাকছেন এই দুজন শিল্পী। তবে তিন বন্ধুর চরিত্রে অভিনয় করবেন ‘সুপার হিরো’ প্রতিযোগিতার সেরা তিন শিল্পী নিলয়, রোজ ও সোহান।নতুন ছবির গল্প প্রসঙ্গে অলীক জানান, তিন বন্ধু ঢাকায় একটি ফ্ল্যাট ভাড়া করে থাকে। ঈদের ছুটির পর দরজার তালা খুলে ওরা অবাক। মেঝেতে একটি মেয়ের মৃতদেহ পড়ে আছে! কে হত্যা করেছে মেয়েটিকে? তিন বন্ধু একে অন্যের দিকে সন্দেহের চোখে তাকায়। কারণ, দরজার তালার চাবি আছে তাদের তিনজনের কাছেই। এরপর নানা ঝামেলার সঙ্গে জড়িয়ে পড়ে তারা।অন্য দুটির মতো এবারও ছবির গানের ব্যাপারে জোর দিচ্ছেন অলীক। জানালেন, তাঁর আগের দুটি ছবির গীতিকার, সুরকার ও শিল্পীরা তো থাকছেনই, সঙ্গে দু-একটি চমকও থাকবে। তবে তা এখনই প্রকাশ করতে চাননি তিনি।ছবির কাহিনি ও চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। এবার শিল্পী নির্বাচন শেষ করে পরিচালক ছুটবেন লোকেশন চূড়ান্ত করার জন্য। আর ছবির শুটিং শুরু করবেন সেপ্টেম্বর মাসে।