এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক অগ্নিরথ। এটি যৌথভাবে লিখেছেন নাজনীন চুমকি ও রাজিবুল ইসলাম। পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম। নাটকটিতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?শুক্রবার থেকে আমার নতুন ছবির শুটিং শুরু হচ্ছে। নাম শুয়াচান পাখি। আমার সঙ্গে অভিনয় করবেন নওশীন ও শশী। ছবিটিতে অভিনয়ের জন্য এখন নিজেকে প্রস্তুত করছি। তাই তিন দিন অন্য কোনো কাজ করছি না। আমি তো এর আগে দ্য লাস্ট ঠাকুর ও হাজার বছর ধরে ছবিতে কাজ করেছি। এখন আরেকটি ছবির কাজ চলছে, তুমি আসবে বলে ভালোবাসবে বলে। সব কটি ছবিতে আমার সঙ্গে অন্য নায়কও ছিলেন। তবে শুয়াচান পাখি ছবিতে আমি একক নায়ক হিসেবে অভিনয় করব।‘শুয়াচান পাখি’ ছবির গল্পটা কী রকম?আমরা যাঁরা ছোট পর্দায় কাজ করি, তাঁরা সব সময় একটু নান্দনিক গল্প খুঁজি। শুয়াচান পাখি সে রকমই। পুরো ছবিই প্রেমের গল্প নিয়ে। দর্শক ভাববে, কোনো এক নায়িকার সঙ্গে আমার প্রেম হচ্ছে। আবার দেখবে হচ্ছে না। আর পুরো গল্পটাই গ্রামীণ প্রেক্ষাপটের। বাণিজ্যিক ছবি বলতে যা বোঝায়, যেমন একটা গৎবাঁধা ফর্মুলা, তা থাকছে না। এখানে আমি নিজের পোশাকের ব্যাপারে স্ত্রী লুসি তৃপ্তি গোমেজের সহযোগিতা নিচ্ছি। লুসি নাট্যকেন্দ্রের সদস্য। নাটক নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। পোশাকের ব্যাপারে ওর ভালো ধারণা আছে।আজ তো ‘অগ্নিরথ’ ধারাবাহিকটি দেখানো হবে।এ নাটকে আমার চোখের সমস্যা আছে। মোটা গ্লাসের চশমা ব্যবহার করি। সমাজের অনেক কিছুই আমার পছন্দ নয়। পরিবারের কিছু ব্যাপার ভালো লাগে না। যখন খুব বিরক্ত হই, তখন কিছু দেখতে চাই না—চশমাটা খুলে রাখি। এটা এক ধরনের প্রতিবাদ বলতে পারেন।আর কোনো নাটকের কথা বলবেন?শুয়াচান পাখি ছবির কাজের ফাঁকে আমি একটি ধারাবাহিকে অভিনয় করব। নাম বাল্যবন্ধু ও ভাতের হোটেল। এ মাসের শেষ দিকে নাটকটির কাজ হবে। এবারই প্রথম একই নাটকে আমি, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী একসঙ্গে অভিনয় করব। এটি লিখেছেন মেহেদী বিন আশরাফ আর পরিচালনা করবেন মাসুদ মহিউদ্দিন। এটা খুব বড় ব্যাপার হবে। বিনোদন প্রতিবেদক