এবার আরটিভিতে ‘শুক্রবারের নাটক’
এবার বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে ‘শুক্রবারের নাটক’। এটির পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে তালুকদার গ্রুপ। আর নাটকগুলো প্রযোজনা করবে প্রিয়ন্তী। মিডিয়া পার্টনার হিসেবে থাকবে যুগান্তর ও রেডিও টুডে। পুরো এক বছর প্রচার করা হবে ‘শুক্রবারের নাটক’। এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আরটিভি, তালুকদার গ্রুপ ও প্রিয়ন্তীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা তারিক আনাম খান, শাকুর মজিদ, আজিজুল হাকিম, মোশাররফ করিম, মোস্তফা সরয়ার ফারুকী, সালাউদ্দিন লাভলু, মুহাম্মদ মোস্তফা কামাল, চয়নিকা চৌধুরী, সাজু মুনতাসিরসহ আরও অনেকে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন আরটিভির নির্বাহী পরিচালক সৈয়দ আশিক রহমান, তালুকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আরেফিন ও প্রিয়ন্তীর স্বত্বাধিকারী মনোয়ার পাঠান। চুক্তি স্বাক্ষরের সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন তারিক আনাম খান।অনুষ্ঠানে তাঁরা বক্তব্যও দেন। তাঁদের বক্তব্যের মধ্য দিয়ে এক ঘণ্টার নাটকের নানা বিষয় তুলে ধরা হয় এবং নাটক নির্মাণের ক্ষেত্রে যে ধরনের বিপত্তির মধ্যে পড়তে হয়, সেগুলো তুলে ধরা হয়। প্রিয়ন্তীর মনোয়ার পাঠানের বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হলেও পরে একে একে বক্তব্য দেন সালাহউদ্দিন লাভলু, আজিজুল হাকিম, মোস্তফা সরয়ার ফারুকী, রিয়াজ, মোশাররফ করিম ও তালুকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আরেফিন।মনোয়ার পাঠান বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মিডিয়াতে কিছু নতুন মুখের পাশাপাশি নতুন নির্মাতার আবির্ভাব ঘটবে।তালুকদার গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক শামসুল আরেফিন বলেন, ‘উদ্যোগটির কথা যখন শুনেছি, তখন থেকে এর সঙ্গে নিজেদের যুক্ত করার একটা ইচ্ছে ছিল। পরে যুক্ত হতে পেরে বেশ ভালো লেগেছে। আশা করছি, যে উদ্দেশ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, সেটা অবশ্যই সফল হবে।’আরটিভির পক্ষে সৈয়দ আশিক রহমান বলেন, ‘তালুকদার গ্রুপ শুক্রবারের নাটক’ স্লটে প্রতিটি নাটকের দৈর্ঘ্য হবে ৪৫ মিনিট। আর এই সময়ের মধ্যে চারটি ভাগে ১২ মিনিট বিজ্ঞাপন এবং দুই মিনিট নিজস্ব ফিলার দেখানো হবে। সব মিলিয়ে এর দৈর্ঘ্য হবে ১৪ মিনিট। তিনি এও বলেন, দর্শক যাতে বিরক্ত না হয়, সেই দিকটা খেয়াল রেখেই বিজ্ঞাপনের ব্যাপারে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।