এবার আলোচনায় দীপিকা-রণবীর সিং!
দীপিকা পাড়ুকোন-রণবীর কাপুর প্রেমের অধ্যায় শেষ হয়েছে অনেক আগেই। এবারে ‘রামলীলা’ ছবির সহ-অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে সখ্য বেড়েছে দীপিকার। সম্প্রতি মুম্বাইয়ের একটি হোটেলে ভোর চারটায় এ জুটিকে গল্পে মশগুল থাকতে দেখা গেছে। এরপর থেকে বলিউডপাড়ার অন্যতম আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছেন তাঁরা।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মুম্বাই মিরর জানিয়েছে, সম্প্রতি ধনাঢ্য ব্যবসায়ী মুকেশ আম্বানির পার্টিতে অংশ নেওয়ার পর সোজা একটি হোটেলে চলে যান দীপিকা। সেখানে ভোর চারটায় রণবীর সিংয়ের সঙ্গে দেখা করেন তিনি। হোটেলটির দ্বিতীয় তলার একটি রেস্তোরাঁয় কয়েক ঘণ্টা সময় কাটান তাঁরা। খাবার টেবিলে গল্পে মেতে ওঠেন দীপিকা ও রণবীর সিং।কয়েক দিন ধরেই রণবীর ও দীপিকার ঘনিষ্ঠতা চোখে পড়ছে সবার। ‘এক থা টাইগার’ ছবির বিশেষ প্রদর্শনীতে একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা। সেখান থেকে তাঁরা চলে যান একটি পার্টিতে। ভোর পর্যন্ত পার্টিতে মেতে থাকতে দেখা যায় তাঁদের। এ ছাড়া মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় আয়োজিত অয়ন মুখার্জির এক পার্টিতেও একসঙ্গে হাজির হয়েছিলেন রণবীর-দীপিকা।উল্লেখ্য, এই প্রথম একসঙ্গে পর্দায় দেখা যাবে রণবীর সিং ও দীপিকাকে। সঞ্জয় লীলা বনশালীর ‘রামলীলা’ ছবিতে অভিনয় করবেন তাঁরা। এই ছবির ওয়ার্কশপেই তাঁদের প্রথম সাক্ষাৎ হয়। এরপর থেকেই সখ্য বাড়তে থাকে নতুন এই জুটির মধ্যে।