এবার আসছে ‘কাপ কিন্তু একটাই!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হো... হো... হো... হো..., দেশ জুড়ে উত্সব/মন জুড়ে রোশনাই, জোরছে বলো সবাই/কাপ কিন্তু একটাই’— এটি বিশ্বকাপ নিয়ে নির্মিত বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল সংগীত। গেয়েছেন গায়িকা মেহরিন। গানটি অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বকাপ নিয়ে নির্মিত একটি অ্যালবামে। গানের সঙ্গে মিল রেখে অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘কাপ কিন্তু একটাই!’ এ গানটি ছাড়াও অ্যালবামে আরও একটি গান করেছেন মেহরিন। অন্য শিল্পীরা হলেন—শাফিন আহমেদ, সাঈদ হাসান টিপু, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার ও বিমল বাউল। গানের অন্য কথাগুলো হচ্ছে—‘শত আশার স্বপন’, ‘সাহস নিয়ে খেলার মাঠে চলো’, ‘স্বপ্ন দেখার শেষ হয়েছে দিন’, ‘মুখের ভাষা’, ‘আকাশে-বাতাসে বিজয়ধ্বনি’ এবং ‘কে কে দেখবি’। অ্যালবামে মোট গান রাখা হয়েছে সাতটি। অ্যালবামটির বেশির ভাগ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন এস আই সুমন। একটি গানে ছিলেন সন্ধি। গানের কথাগুলো লিখেছেন লতিফুল ইসলাম শিবলী, শাফিন আহমেদ, শাহান কবন্ধ, শামীম, রবিউল ইসলাম জীবন ও বিমল বাউল।গায়িকা মেহরিন বললেন, বিশ্বকাপের মতো একটি বড় আসরের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পারার আনন্দই আলাদা। খুব ভালো লাগছে দেশের জন্য গান করতে পেরে। বলতে পারেন একেবারেই অন্য রকম অনুভূতি। শাফিন আহমেদ জানান, তাঁর গানের শিরোনাম হচ্ছে ‘সাহস নিয়ে খেলার মাঠে চলো’। লতিফুল ইসলাম শিবলীর সঙ্গে যৌথভাবে তিনি গানটি লিখেছেন। গানটি সবার উদ্দীপনা বেশ বাড়াবে বলেও তিনি মনে করেন। বেক্সিমকো মিডিয়ার নির্বাহী পরিচালক ইন্তেখাব মাহমুদ বলেন, ‘মূলত বাংলাদেশ দলকে উত্সাহ জোগানোর জন্যই আমরা প্রথম দিকে একটি ভিডিওচিত্র নির্মাণ করেছিলাম। পরে চিন্তা করলাম বিশ্বকাপ আয়োজনের সুযোগ তো সবার হয় না। তাই পুরো একটি অ্যালবামের কাজে সম্পৃক্ত হওয়া।’ চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের সুযোগ তো আসলে সব সময় আসে না। তাই চেয়েছি এর সঙ্গে নিজেদের যুক্ত রাখার।’ বেক্সিমকো মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান ইয়েলো প্রেজেন্টস কাপ কিন্তু একটাই! অ্যালবামটি বাজারজাত করবে ইমপ্রেস অডিও ভিশন। কাল বৃহস্পতিবার থেকে অ্যালবামটি বাজারে আসবে বলে জানা গেছে। এ ছাড়া কাপ কিন্তু একটাই! গানের ভিডিওচিত্রটি দু-এক দিনের মধ্যে সব টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।