এবার আসছে ‘জয়ধ্বনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় আসছে গর্জে ওঠো বাংলাদেশ আর লেজার ভিশন থেকে আসছে জেগে ওঠো অ্যালবাম। এখানেই শেষ নয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসর্গ করে এবার সিটি ব্যাংকের অর্থায়নে তৈরি হয়েছে আরেকটি অ্যালবাম, নাম জয়ধ্বনি। অ্যালবামে গান থাকবে ১১টি।এখানে গান করেছেন শাফিন আহমেদ, শিরোনামহীন, মিলা, সন্ধি (এলিটা ও উপল), নির্ঝর, আউটব্রেক, কার্ভিং ড্রিমস, মুনাফ অ্যান্ড ফ্রেন্ডস, রিয়াজ অ্যান্ড ফ্রেন্ডস, অবলিক ও অযাইরিস। অ্যালবামটির কাজের তত্ত্বাবধানে আছেন জুবায়ের তাজভী, মুনাফ ও শাফাত। জানা গেছে, এরই মধ্যে অ্যালবামের বেশির ভাগ গানের ধারণকাজ শেষ হয়েছে। বাকি আছে শুধু একটি। সেটিও শেষ হবে ৪ ফেব্রুয়ারি।জুবায়ের তাজভী বলেন, ‘জয়ধ্বনি অ্যালবামের সব কটি গানেই রয়েছে দেশপ্রেম আর জয়ের কথা। আমরা উদ্দীপনামূলক গানগুলোকে প্রাধান্য দিয়েছি। আমি মনে করি, গানগুলো বাংলাদেশ ক্রিকেট দলের মনোবল বাড়াতে অনেকখানি সহযোগিতা করবে। অ্যালবামের সব কটিই নতুন গান।’ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বাজারে আসবে অ্যালবামটি। শিরোনামহীনের অন্যতম সদস্য জিয়া বলেন, ‘অ্যালবামটির জন্য আমরা ‘বিজয় শপথ’ গানটি নতুন করে গেয়েছি।’ শাফিন আহমেদ জানান, তাঁর গানের শিরোনাম হলো ‘নাচো বাংলাদেশ’।সিটি ব্যাংকের ব্যবস্থাপক (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) নাফিজ মোমেন বলেন, ‘বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের গর্বিত অংশীদার সিটি ব্যাংকও। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক বেশি সাহস ও অনুপ্রেরণা জোগাতে এই অ্যালবামের সঙ্গে যুক্ত হয়েছি।’