এবার ঈদে শাকিব শুভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান ও আরিফিন শুভ
শাকিব খান ও আরিফিন শুভ

তিন ছবির নায়ক শাকিব খান
কিছুদিন আগেও শোনা গিয়েছিল এবার ঈদে শাকিব খানের কোনো ছবি মুক্তি পাচ্ছে না। না, শেষ পর্যন্ত নতুন খবর তৈরি হলো। এবার ঈদে শাকিব খানের তিনটি ছবি মুক্তি পাচ্ছে। ছবিগুলো হলো কঠিন প্রতিশোধ, সেরা নায়ক ও হিটম্যান।
একসঙ্গে তিনটি ছবি? শাকিব খান বলেন, ‘বিষয়টিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। ঈদের সময় প্রেক্ষাগৃহে দর্শকের একটা চাপ থাকে। সারা বছর যে দর্শকেরা ছবি দেখতে পারেন না, ঈদে বাড়তি বিনোদন পেতে হলমুখী হন তাঁরা। এ ক্ষেত্রে ঈদে দর্শকের কাছাকাছি থাকার একটা সুযোগ থাকছে আমার।’
ঈদে নিজের ছবিগুলো নিয়ে শাকিব বললেন, ‘আমার তিনটি ছবি তিন ধরনের। এখানে গান, লোকেশন ও গল্পের ভিন্নতা আছে। প্রতিটি ছবিতেই আলাদা করে নতুন শাকিব খানকে পাবেন দর্শক। ফলে দর্শকও সব কটি ছবি দেখার সুযোগ নিতে পারবেন।’
জানা গেছে, তিনটি ছবির মধ্যে দুটি ছবির কাজ কয়েক দিন আগে শেষ হয়েছে। শাকিব বললেন, ‘ছবিগুলোর বড় অংশের কাজ অনেক আগেই শেষ হয়েছে। কিছু গানের কাজ বাকি ছিল। সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে এই কাজগুলো করা হয়েছে। এটা কোনো সমস্যা নয়।’
শাকিব খানের প্রথম প্রযোজিত ছবি হিরো দ্য সুপারস্টার গত ঈদে মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এবার ঈদেও থাকছে ছবিটি।
শুভর ‘কিস্তিমাত’
‘এর আগে আমাদের এখানে এ ধরনের ছবি তৈরি হয়নি। ছবির চিত্রনাট্য তৈরির আগেই এ সময়ের দর্শক কী ধরনের চলচ্চিত্র দেখতে ভালোবাসেন, তা নিয়ে একটি জরিপ করা হয়েছে। তার ওপর ভিত্তি করেই লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। ছবির পুরো কাজ শেষ করার পর মনে হচ্ছে, সব ধরনের দর্শক ছবিটি পছন্দ করবেন।’ কিস্তিমাত ছবি নিয়ে বললেন আরিফিন শুভ।
এবার ঈদে মুক্তি পাচ্ছে ছবিটি। পরিচালক আশিকুর রহমান। এরই মধ্যে ছবির গান আর প্রচারণা দৃশ্য নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
শুভ এ পর্যন্ত ডজন খানেক ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে মুক্তি পেয়েছে পাঁচটি। গত ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি। আর এবার ঈদে কিস্তিমাত। এবারের ছবি নিয়ে শুভর মাঝে দারুণ উত্তেজনা। কিছুদিন ধরে যখনই তাঁর সঙ্গে দেখা হয়েছে, তিনি কথা বলেছেন কিস্তিমাত নিয়ে। গত রোববার রাতে তাঁর বাসায় আবার কথা হলো।

শুভ বললেন, ‘ছবির গল্পে যেমন ভিন্নতা আছে, তেমনি আছে গান, অ্যাকশন আর চরিত্রগুলোও একেবারে অন্য রকম। এই ব্যাপারগুলো যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা আমার কাছে নতুন মনে হয়েছে। ছবির পুরো কাজেই আন্তর্জাতিক ঢং তুলে আনার চেষ্টা ছিল।’
কিস্তিমাত ছবির সাফল্যের সম্ভাবনা নিয়ে শুভ বললেন, ‘ভালো চিত্রনাট্য এবং তা যথাযথভাবে পর্দায় উপস্থাপন করতে পারলে দর্শক ছবি দেখতে প্রেক্ষাগৃহে গিয়ে ভিড় করবেই। আর এই ধরনের ছবিই কিস্তিমাত৷’