এবার ঈদেও চার ছবি?
>আর মাসখানেক বাদেই ঈদ। ঈদে দর্শকের বিনোদনের অন্যতম বড় মাধ্যম বাংলা সিনেমা। আসছে ঈদে মুক্তি পাবে একাধিক ছবি। শুটিং শেষ, এখন চলছে মুক্তি দেওয়ার প্রস্তুতি। সবগুলো ছবি ঘিরে চলচ্চিত্রপাড়ায় বাড়ছে ব্যস্ততা। ঈদে ছবি মুক্তির খবরাখবর নিয়েই এই আয়োজন। লিখেছেন শফিক আল মামুন

বেশ অনেক বছর ধরেই ঢাকার চলচ্চিত্রে মন্দা। হঠাৎ করেই গত বছরের দুই ঈদে মন্দা খানিকটা কেটে যায়। দুই ঈদে শিকারি, বাদশা, সম্রাট, বসগিরি, শুটারসহ বেশ কয়েকটি ছবি মুক্তি পায়। মুক্তির পর ছবিগুলোয় ‘ব্যবসাসফল’ তকমা লাগে। ঈদের পর আয়নাবাজি মানুষকে আরেকবার হলমুখী করে। সেই সময় অনেকেই বলেছিলেন, ঢাকার চলচ্চিত্রে ভালো গল্প, ভালো বাজেটের ছবি হলে দর্শক হলমুখী হবেন, চলচ্চিত্রের মন্দাও কাটবে।
আগামী ঈদেও তেমনটিই আশা করছেন ছবির প্রযোজক ও পরিচালকেরা। ঈদে মুক্তির তালিকায় থাকা ছবিগুলো নিয়েও তাঁরা আশাবাদী।

ঈদে চার ছবি
মাস দুয়েক আগেও আগামী ঈদে ছয়টি ছবি মুক্তির আলোচনা ছিল। ছবিগুলো হলো নবাব, বস ২, রাজনীতি, রংবাজ, ভালো থেকো ও অহংকার। এ পর্যায়ে ঈদে মুক্তির তালিকা থেকে আপাতত বাদ পড়েছে ভালো থেকো ও অহংকার। মুক্তির মিছিলে আছে নবাব, বস ২, রাজনীতি ও রংবাজ—ছবি চারটি। একমাত্র রাজনীতি ছাড়া তিনটি ছবিই যৌথ প্রযোজনায় নির্মিত।
আর শেষ খবর হলো, নবাব, রাজনীতি ও বস ২-এর কাজ শেষে এখন তাঁরা প্রচারণায় ব্যস্ত। আর রংবাজ ছবির গানের শুটিং এখনো বাকি। পরিচালক সূত্রে জানা গেছে, শিগগিরই ইতালিতে গানগুলোর শুটিং হবে।
রাজনীতি এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। নবাব ও বস ২ এখনো সেন্সরে জমা পড়েনি। ছবির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী সপ্তাহে সেন্সরে জমা পড়তে পারে।

এগিয়ে শাকিব!
গত বছর ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত চার ছবির মধ্যে শিকারি, সম্রাট, রানা পাগলা—এই তিন ছবির নায়ক ছিলেন শাকিব খান আর একমাত্র বাদশা ছবির নায়ক ছিলেন কলকাতার জিৎ। এবার ঈদে ছবি মুক্তির সংখ্যায় শাকিব ও জিৎ একই অবস্থানে আছেন। রংবাজ, নবাব, রাজনীতি—এই তিন ছবির নায়ক শাকিব খান আর বস ২ ছবির নায়ক জিৎ। তাই ঈদে ছবির সংখ্যার দিক থেকে এবারও এগিয়ে আছেন শাকিব খান। তবে গতবারের মতো এবারের ঈদেও এই দুই নায়কের লড়াইয়ের আভাস দিচ্ছেন প্রযোজকেরা। গত ঈদে যৌথ প্রযোজনার শিকারি আলোচিত হলেও একই প্রযোজনা প্রতিষ্ঠানের বাদশা ব্যবসায়িকভাবে খানিকটা এগিয়ে ছিল। এবার কী হবে? অনেকেই বলছেন, এবারও যৌথ প্রযোজনার ওই প্রতিষ্ঠানের দুটি ছবি নবাব ও বস ২ দর্শকের আলোচনায় থাকবে।
এই ছবি দুটির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘আশা করছি, নবাব ও বস ২ দেখতে প্রেক্ষাগৃহে দর্শক ভিড় করবেন।’
নবাব, রংবাজ ও রাজনীতি ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে যথাক্রমে শুভশ্রী, বুবলী ও অপু বিশ্বাসকে। আর বস ২তে জিতের নায়িকা নুসরাত ফারিয়া ও শুভশ্রী।

ইউটিউবে আগাম ঈদ
মাসখানেক আগেই ইউটিউবে ঈদ এসে গেছে। এরই মধ্যে নবাব, বস ২, রাজনীতি—ঈদের এই তিনটি ছবির টিজার ও ট্রেলার মুক্তি পেয়েছে ইউটিউবে। এগুলো নিয়ে মাতামাতিও কম হচ্ছে না। বস ২ ছবির ‘আল্লাহ মেহেরবান’ গানের ভিডিওটি মুক্তি পেয়েছে ইউটিউবে। এ নিয়ে হয়েছে নানা িবতর্ক। শেষ পর্যন্ত ছবির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান তাদের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রত্যাহারও করেছে। এ ছাড়া আরও কয়েকটি সিনেমার গান মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি সেগুলো মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান।
‘রাজনীতি’ নিয়ে অপুর ফেরা
ঢালিউডে জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। বেশ কিছুদিন ধরেই শাকিব-অপুর বিয়ে, বাচ্চা নিয়ে সিনেমাপাড়ায় আলোচনা চলছে। সেই আলোচনা গুণেই তাঁদের জুটির রাজনীতি ছবিকে কেউ কেউ এগিয়ে রাখছেন। তা ছাড়া প্রায় এক বছর পর এই ঢালিউড-কন্যার ছবি মুক্তি পাচ্ছে। তাও ঈদের মতো একটি বড় উৎসবে।
এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন পর আমার ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এ কারণে দর্শকের একটা আলাদা আগ্রহ আছে। তা ছাড়া আমার ভক্ত, দর্শক তো আছেনই। আমার বিশ্বাস, তাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে রাজনীতি ছবিটি দেখবেন।’ জানালেন, খুব তাড়াতাড়ি নতুন ছবির শুটিং নিয়েও ফিরবেন তিনি।

ছবিপাড়ায় আনাগোনা
ঈদ আসতে এখনো প্রায় এক মাস বাকি। ঈদের ছবি ঘিরে ছবিপাড়া বলে খ্যাত কাকরাইলে সিনেমা হল মালিকদের আনাগোনা বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিক, কর্মচারী ও কর্মকর্তারা সিনেমাপাড়ায় আসা শুরু করে দিয়েছেন। সিনেমাপাড়ার অফিসে অফিসে প্রযোজক, পরিবেশক ও বুকিং এজেন্টদের আড্ডায় কান পাতলেই ঈদের আমেজ পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে রেন্টাল ও কমিশনে প্রেক্ষাগৃহে ছবি বুকিং নিয়ে দর-কষাকষিও শুরু হয়ে গেছে। বাংলাদেশ অংশের প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার নবাব ও বস ২ ছবি দুটি। এই প্রযোজনা প্রতিষ্ঠানটি দেশের একাধিক হলে নিজস্ব সার্ভার মেশিন বসিয়েছে। ফলে হল বুকিংয়ে বাড়তি সুবিধা পাচ্ছেন তাঁরা। প্রায় দেড় শ প্রেক্ষাগৃহে এক যোগে ছবি দুটি মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ। ছোটখাটো হলগুলোতে ছবি মুক্তি দিচ্ছেন না তাঁরা। ঢাকা ও ঢাকার বাইরে বড় ও ভালো হলগুলোয় ছবি মুক্তি দেবেন। বুকিং মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে।
রাজনীতি ছবিটি পরিবেশন করছে টিওটি ফিল্মস। এর কর্ণধার খোরশেদ আলম বলেন, ‘৭০টি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা আছে। কাজ চলছে।’
অন্যদিকে, রংবাজ ছবির কাজ শেষ না হওয়ায় ছবিটি মুক্তির হলসংখ্যা নিয়ে এখনই কথা বলতে চায়নি প্রযোজনা প্রতিষ্ঠান রূপরঙ কথাচিত্র।