এবার ঈদেও শাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ মানেই শাকিব খানের ছবি—ধারণাটা কয়েক বছর থেকেই চলচ্চিত্রের সঙ্গে মিলেমিশে আছে। হ্যাঁ, এবারও ঈদে শাকিব খান অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। অন্যদিকে কাজী মারুফের থাকছে একটি ছবি। এক জবান নামে আরও একটি ছবি মুক্তি পাওয়ার কথা শোনা গেছে। অবশ্য প্রযোজক পরিবেশক সমিতি নাকি এখনো ছবিটি মুক্তির অনুুমতি দেয়নি। তাই ঈদের জন্য চারটি ছবিই চূড়ান্ত হয়েছে। ছবিগুলো হলো নজরুল ইসলাম খান পরিচালিত হায় প্রেম হায় ভালোবাসা, সাফি ইকবাল পরিচালিত প্রেম মানে না বাঁধা, সোহানুর রহমান সোহান পরিচালিত পরান যায় জ্বলিয়ারে এবং স্বপন চৌধুরী পরিচালিত বস্তির ছেলে কোটিপতি। ঈদে একাধিক ছবি মুক্তি প্রসঙ্গে শাকিব বললেন, ‘এ ব্যাপারে আমার কোনো হাত নেই। পুরোটাই বাস্তব। দর্শকদের কারণেই এমনটা হচ্ছে।’ শাকিব অভিনীত তিনটি ছবির মধ্যে কোনটির ব্যাপারে দর্শকদের আগ্রহ বেশি হওয়ার সম্ভাবনা আছে? শাকিব বললেন, ‘প্রতিটি ছবিই ভালো হয়েছে। প্রেম মানে না বাধা ছবির গল্পটি চমৎকার। ডাবিংয়ের সময় মনে হলো, মুক্তির পর প্রথম প্রদর্শনীতেই ছবিটি দেখতে হবে। পরান যায় জ্বলিয়ারে ছবির কাজ করার সময় মনে হলো, ছবিটি মুক্তির পর প্রতিটি প্রেক্ষাগৃহেই দর্শকের ঢল নামবে। আর হায় প্রেম হায় ভালোবাসা ছবিতে কাজ করার পর মনে হয়েছে, এটি ব্যবসার দিক থেকে এগিয়ে থাকবে। কিন্তু তিনটি ছবি একই দিনে মুক্তি পাচ্ছে।’এবার শাকিবের সঙ্গে দুটি ছবিতে অপু আর অন্যটিতে আছেন পূর্ণিমা। কার কাজ ভালো হয়েছে?শাকিব বললেন, ‘পূর্ণিমা অভিজ্ঞ শিল্পী। ভালো অভিনয় করেন। অপু ইদানীং জনপ্রিয়তা পেয়েছেন। দুজনের কাজ দুই রকম। দুজনই নিজেদের অবস্থান থেকে ভালো করেছেন। তবে বাকিটা দর্শকই ভালো বলতে পারবেন।’ছবিগুলোর গান এবং গল্প সম্পর্কে শাকিবের বক্তব্য, ‘যখন যে ছবির গান শুনি, তখন মনে হয় এটি খুব ভালো হয়েছে। আমার তো মনে হয়, দর্শকেরাও এবার আমারই মতো দ্বিধায় পড়ে যাবেন।’ঈদে এবার অপু বিশ্বাস অভিনীত দুটি ছবি হলো, হায় প্রেম হায় ভালোবাসা ও প্রেম মানে না বাধা। নিজের এ দুটি ছবি নিয়েই অপু খুব আশাবাদী। পূর্ণিমা পরান যায় জ্বলিয়ারে ছবিটিকে দেখছেন নিজের অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে। বললেন, ‘আমার অভিনয়জীবনে বেশ কিছু ছবি এসেছে, যেগুলো আমাকে বিভিন্ন সময় সহযোগিতা করেছে। এবারও তেমনই একটি ছবি ঈদে মুক্তি পেতে যাচ্ছে। আশা করছি, এটিও আগের ছবিগুলোর মতো ব্যবসায়িক সাফল্য পাবে।’এবার শোনা যাক মারুফ ও সাহারার কথা। বস্তির ছেলে কোটিপতি ছবিটির ব্যাপারে মারুফ বললেন, ‘যারা একটু ভিন্ন ধরনের গল্পের ছবি দেখতে চান, তাঁদের কাছে এটি ভালো লাগবে।’ আর সাহারা বললেন, ‘গল্প এবং ধুম-ধাড়াক্কা গানের ছবি বস্তির ছেলে কোটিপতি। ছবিটি যে একবার দেখবেন, তিনি আর একবার দেখার জন্য প্রস্তুতি নেবেন।’ঈদের ছবি নিয়ে সব সময় প্রতিযোগিতা হয়। এবার ঈদে সেই প্রতিযোগিতার ফল কী হবে, সেটাই এখন দেখার বিষয়।