এবার ঈদেও শাকিবের ছবির সাফল্য
শাকিব খানের ঈদের ছবিগুলোর ব্যবসায়িক সাফল্যের ব্যাপারে আগেই একটা ধারণা পাওয়া গিয়েছিল। ঈদের অনেক আগেই প্রেক্ষাগৃহ-মালিকেরা উচ্চমূল্যে শাকিব অভিনীত ছবিগুলো সংগ্রহ করেন। শাকিব অভিনীত ঈদের তিনটি ছবি হলো নাম্বার ওয়ান শাকিব খান, নিঃশ্বাস আমার তুমি ও চাচ্চু আমার চাচ্চু। এ ছাড়া শাকিবের আগে মুক্তি পাওয়া অসংখ্য ছবি প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। ঈদে নতুন ছবি তিনটির পাশাপাশি শাকিবের পুরোনো ছবিগুলোর ব্যাপারেও দর্শকদের ছিল সমান আগ্রহ। বুকিং এজেন্ট দীপু বললেন, ‘ঈদের দিনই মানুষ প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছে। প্রচণ্ড গরম উপেক্ষা করেও দর্শক ছবি দেখার জন্য অপেক্ষা করেছে।’জানা গেছে, ঈদের পর প্রথম সপ্তাহে ব্যবসায়িক দিক বিবেচনায় নাম্বার ওয়ান শাকিব খান ছবিটি বড় ধরনের সাফল্য পেয়েছে। এরপর আছে নিঃশ্বাস আমার তুমি ও চাচ্চু আমার চাচ্চু। ঈদে মুক্তি পাওয়া অন্য দুটি ছবি হলো রিকশাওয়ালার ছেলে ও অবুঝ বউ। অবুঝ বউ একটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। রিকশাওয়ালার ছেলে ছবি প্রসঙ্গে মধুমিতা প্রেক্ষাগৃহের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন বললেন, ‘প্রথম দিন থেকে আমরা ভালো দর্শক পাচ্ছি।’ তবে এ ছবির ব্যাপারে ঢাকার বাইরের বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিকেরা জানিয়েছেন, রিকশাওয়ালার ছেলে তেমন দর্শক টানতে পারেনি।চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সহসভাপতি খসরু বলেন, ‘এবার ঈদে আমরা শাকিব খানকে নিয়ে যে প্রত্যাশা করেছিলাম, তা পূরণ হয়েছে।’এদিকে ঈদের সাফল্যের পর এখন অনেক নির্মাতাই তড়িঘড়ি করে আবার শাকিব খানের ছবি মুক্তি দেওয়ার জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন। সামনে আসছে কোরবানির ঈদ। ওই ঈদেও শাকিব অভিনীত একাধিক ছবি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।