এবার ঈদের নাটকের কমেডিতে মীরাক্কেলের জামিল

‘কেমিস্ট্রি অব লাভ’ নামের একটি ধারাবাহিক নাটকে কমেডি চরিত্রে অভিনয় করলেন মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল। বিশেষ ধারাবাহিক নাটকটি নির্মিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে। ‘কেমিস্ট্রি অব লাভ’ রচনা ও পরিচালনা করেছেন নাসিম সাহনিক। ‘কেমিস্ট্রি অব লাভ’ নাটকের জামিল তার অফিসের এক সহকর্মীর প্রতি একধরনের মোহে পড়ে। মোহাচ্ছন্ন অবস্থায় নানারকম কমেডি আচরণ করে জামিল। সহকর্মী বিষয়গুলো কৌশলে এড়িয়ে গেলেও জামিলের ইচ্ছা তাকে বিয়ে করা। একসময় জামিলের মোহভঙ্গ হয়। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘কেমিস্ট্রি অব লাভ’ নাটকের গল্প। নাটকটি প্রসঙ্গে জামিল বলেন, ‘নাটকটির গল্প তরুণ প্রজন্মকে কেন্দ্র করে এবং রম্য রোমান্টিক ধাঁচের। গল্পটা চমত্কার বলেই নাটকটিতে অভিনয় করেছি। এ নাটকে আমার বস চরিত্রে অভিনয় করেছেন লাক্স তারকাখ্যাত যূথী।’ নাটকটিতে জামিল ও যূথী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাহা, তাহসিন, তুলনা, রিফাত জাহান প্রমুখ।