ঢাকার নবাবগঞ্জ থানার বালুখন্ড ঐতিহ্যবাহী মেলা জমে উঠেছে। মেলা উপলক্ষে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে গীতি যাত্রার আসর। প্রতি রাতে যাত্রার আসরে দর্শক বেড়েই চলেছে। ভিড় ঠেকাতে আয়োজক আর স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে। মানিকগঞ্জের দোয়েল অপেরা তাদের গীতিবহুল বিভিন্ন পালা নিয়ে এসেছে এই মেলায়।
কোনো টিকিট নয়, এবার যাত্রা উন্মুক্ত রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, নবাবগঞ্জের বালুখন্ড মেলা হচ্ছে সাধুদের মেলা। এ মেলায় অনেক দূর থেকে পুণ্যার্থীরা আসে। স্থানীয়দের মধ্যেও ব্যাপক সাড়া জাগে তখন। সবার কথা বিবেচনায় রেখেই বিনা টিকিটে যাত্রা দেখার ব্যবস্থা করা হয়েছে।
দোয়েল অপেরার মালিক জাহাঙ্গীর বলেন, ‘আমরা অভিনয় করে আনন্দ পাচ্ছি। দর্শক যাত্রা উপভোগ করছেন। তাঁরা এই যাত্রা থেকে ভালো কিছু শিক্ষা নিলে মনে করব আমাদের অভিনয় সার্থক হয়েছে।’ কাল ২ অক্টোবর যাত্রানুষ্ঠান শেষ হবে।
সাবিত্রী সত্যবান, আপন দুলাল, কমলার বনবাস, রূপবান, আলোমতি, পাতালপুরির রাজকন্যা, বেদকন্যা, কাশেম মালার প্রেম পালা এরই মধ্যে প্রশংসিত হয়েছে। ২ অক্টোবর শেষ রজনীতে দেখা যাবে দোয়েল অপেরার জনপ্রিয় পালা বেদের মেয়ে মহুয়া।