এবার উপস্থাপক সায়েম ও পুতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার অডিশন ও সিলেকশন রাউন্ডের উপস্থাপনার দায়িত্ব পড়েছে ক্লোজআপ তারকা পুতুল ও কথাবন্ধু সায়েমের ওপর। আজ সোমবার রাজধানীর মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ মিলনায়তনে অডিশন রাউন্ডে উপস্থাপকের ভূমিকায় দেখা গেছে তাঁদের। পুতুলের এটি দ্বিতীয়বারের মতো হলেও সায়েমের জন্য ক্লোজআপ ওয়ানের উপস্থাপনা এবারই প্রথম। ক্লোজআপ ওয়ানের উপস্থাপনার দায়িত্ব পেয়ে দারুণ আনন্দিত পুতুল ও সায়েম। প্রথম আলো ডটকমকে পুতুল বলেন, ‘বেশ কয়েক বছর বিরতির পর আবার শুরু হয়েছে “ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ” প্রতিযোগিতা। এটি আমাদের সবার জন্য দারুণ আনন্দের। আর উপস্থাপনার দায়িত্বটা পেয়ে ভালো লাগার মাত্রাটা আরও অনেক গুণ বেড়ে গেল। ক্লোজআপ ওয়ানের এই ইভেন্ট আমার কাছে পরিবারের একটি অংশ মনে হয়। পরিচিত ক্ষেত্রে আবারও ফিরে আসতে পেরে ভালো লাগছে। আজ সারা দিন ঢাকার অনেক প্রতিযোগীর সঙ্গে সময় কাটিয়েছি। অন্য রকম একটা অভিজ্ঞতা হলো।’ পুতুল আরও বলেন, ‘ক্লোজআপ ওয়ানের এবারের আসরে আমার সঙ্গে উপস্থাপক হিসেবে আছেন সায়েম। গতবারের আসরে আমার সঙ্গে ছিল আবিদ। আজ সারা দিন যখন প্রতিযোগীদের সঙ্গে সময় কাটিয়েছে, আবিদের কথা খুব মনে পড়েছে।’সায়েম বলেন, ‘ক্লোজআপ ওয়ানের মতো এত বড় ইভেন্টের উপস্থাপনা যে কারোর জন্য অনেক আনন্দের। সত্যি বলতে, যখন থেকে উপস্থাপনার কাজ শুরু করি, তখন থেকেই ইচ্ছে ছিল ক্লোজআপ ওয়ানের উপস্থাপনার অংশ যেন হতে পারি।’সায়েম আরও বলেন, ‘এত দিন বিভিন্ন ইভেন্টের গ্র্যান্ড ফিনালে উপস্থাপনা করেছি। এবার ক্লোজআপ ওয়ানের একেবারে শুরু থেকে থাকতে পারছি। আজ বেলা তিনটা পর্যন্ত ঢাকার অনেক প্রতিযোগীর সঙ্গে সময় কাটিয়েছি। আমার কাছে পুরোটা সময় অন্য রকম লেগেছে।’