এবার উপস্থাপনা
‘বেলা অবেলা সারা বেলা’ অনুষ্ঠানটির মধ্য দিয়ে নিয়মিত উপস্থাপনা করার সিদ্ধান্ত নিয়েছেন আসাদুজ্জামান নূর। দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য, প্রাজ্ঞ ও বয়সী নাগরিকদের বর্তমান জীবন ও অতীত কর্মকাণ্ডের গল্প এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকদের সামনে তুলে ধরা হবে। শিগগিরই দেশ টিভিতে অনুষ্ঠানটি নিয়মিত প্রচার করা হবে। আসাদুজ্জামান নূর বললেন, ‘বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় বিটিভি এবং দেশ টিভিতে কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। সম্প্রতি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ শামসুল হক ও আবদুল গাফ্ফার চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছি। ভালোই লেগেছে। মনে হলো, কাজটা নিয়মিত করছি না কেন? এসব ব্যক্তির তো বিচিত্র জীবন। অভিজ্ঞতাগুলো অনন্য। এগুলো যেমন আমাদের শোনা উচিত, আবার এই প্রজন্মকেও জানানো খুব প্রয়োজন। এই ভাবনা থেকেই নিয়মিত একটি অনুষ্ঠান উপস্থাপনা করার সিদ্ধান্ত নিয়েছি।’