এবার একক অ্যালবাম করছেন সুমী
লালন ব্যান্ডের সুমী সাধারণত লালনের গানই করেন। ব্যান্ডের দুটি অ্যালবাম বিপ্রতীপ এবং ক্ষ্যাপাতেও বেশির ভাগ ছিল লালনের গান। এবার সুমী নিজের একক অ্যালবামের কাজ করছেন। তিনি জানালেন, এটিই তাঁর প্রথম একক অ্যালবাম। এর সংগীতায়োজন করেছেন ফুয়াদ। সুমী তাঁর নিজের অ্যালবামেও রাখছেন লালনের গান। তবে নতুন গানও থাকবে। তিনি বললেন, ‘এবারই প্রথম নিজের একক অ্যালবামের কাজ করছি। ফুয়াদ এবং আমার গানের জায়গাটা একদমই বিপরীতমুখী। তাই পুরো কাজটাই হয়েছে ফিউশন ধাঁচের। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে।’ অ্যালবাম নিয়ে ফুয়াদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে সুমী বললেন, ‘ফুয়াদ আগেই আমার গান শুনেছেন। ইদানীং আমাকে দিয়ে একটা অ্যালবাম করার পরিকল্পনা করেন তিনি। আমিও রাজি হয়ে গেলাম।’ ফুয়াদ বললেন, ‘সুমীর কণ্ঠ একেবারেই অন্য রকম। বলতে পারেন, এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে তাঁর অ্যালবামটা করছি। লালনের গানের বাইরে তাঁকে দিকে কিছু নতুন গানও করিয়েছি। সুরকার ও সংগীতায়োজক হিসেবে হিসেবে এটা আমার জন্য বড় পরীক্ষা ছিল। অনেক ভাবনাচিন্তা করতে হয়েছে।’সুমী জানান, ব্যান্ডের পাশাপাশি একক শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন তিনি।