এবার একক নায়িকা সাবাবা মোহন
টিভি নাটকে মোহন খানের মেয়ে সাবাবা মোহন প্রথম অভিনয় করেন ১৯৯৮ সালে। ‘তাহাদের বসন্ত দিনে’ নামের এ নাটকটি রচনা ও পরিচালনা করেছিলেন মোহন খান। নাটকে সাবাবা বিজরী বরকতউল্লাহর মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর আফসানা মিমির ধারাবাহিক ‘গৃহগল্প’ ও ‘সাড়ে তিনতলা’ নাটকেও শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেন সাবাবা। তবে এবার আর শিশুশিল্পী হিসেবে নয়। একেবারে একক নায়িকা হিসেবে। তাও আবার জয় ও মীর সাব্বিরের বিপরীতে। ‘আই লাভ ইউ তিনটি কারণে’ নামের এ নাটকটি রচনা ও পরিচালনা করবেন মোহন খান। ২১ ও ২২ জুলাই নাটকটির দৃশ্য ধারণের কাজ করা হবে।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সাবাবা বলেন, ‘এর আগে অনেক নাটকে আমি কাজ করেছি। তবে এবারই প্রথম নায়িকা হয়ে আসছি। আমার কাছে আসলে বিষয়টা বেশ মজার লাগছে। প্রথম নাটকে জয় ও সাব্বিরের মতো প্রথম সারির নায়ক। আপনার অনুভূতি কেমন? এমন প্রশ্নের উত্তরে সাবাবা বলেন, ‘আসলে জয় ভাই ও সাব্বির ভাইয়ের সঙ্গে আমাদের অনেকটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে। কারণ, আমি একেবারে ছোটবেলা থেকে উনাদের দেখে আসছি। তা ছাড়া পরিচালক হিসেবে থাকছেন বাবা। বলতে পারেন বাবার আগ্রহের কারণেই এত তাড়াতাড়ি একক নায়িকা হিসেবে আসছি। আমার বিশ্বাস, সবার সহযোগিতায় ভালোভাবেই কাজটি শেষ করতে পারব।’অন্যদিকে সাব্বির বলেন, ‘আসলে আমি যখন মিডিয়াতে কাজ শুরু করি, তখনো অনেক সিনিয়র অভিনেত্রীর সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জন করেছি। আমি উনাদের কাছ থেকে বেশ সহযোগিতা পেয়েছিলাম। এ ক্ষেত্রে সাবাবারও তেমন কোনো অসুবিধা হবে বলে মনে করছি না।’