এবার একসঙ্গে বিচারক

আলমগীর ও রুনা লায়লা। এই দম্পতির একজন অভিনেতা, অন্যজন সংগীতশিল্পী। দুজনই দারুণ জনপ্রিয়। এবার তাঁরা একই প্রতিযোগিতার বিচারক হয়েছেন। অনুষ্ঠানটির নাম ‘পন্ডস সুপার কাপল’। বুধবার থেকে শুরু হলো এই প্রতিযোগিতা। শেষ হবে আজ রাতে।
রুনা লায়লা বলেন, ‘আমরা এবারই প্রথম একসঙ্গে কোনো প্রতিযোগিতার বিচারক হয়েছি। খুব ভালো লাগছে। আর প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণ দম্পতিদের দেখে মুগ্ধ হয়েছি। তাঁরা বিভিন্ন অফিসে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। তাঁদের মধ্যে কারও আবার অন্য প্রতিভা আছে। সব মিলিয়ে তাঁরা অসাধারণ। তাঁদের মধ্য থেকে সেরা তিন যুগলকে বের করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’
চ্যানেল নাইনে ঈদের দিন থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে রিয়েলিটি শো ‘পন্ডস সুপার কাপল’। মঙ্গলবার হবে গালা নাইট। এখানে সেরা তিন যুগলকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
এই রিয়েলিটি শোতে বাছাই করা যুগলদের নিয়ে থাকছে নাচ, গান, রান্না আর মজার গেমস।